গাজায় সাড়ে ৩ লাখের বেশি রোগীর জরুরি ওষুধ প্রয়োজন

Printed Edition

আলজাজিরা

গাজা উপত্যকায় সাড়ে তিন লাখের বেশি রোগীর চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসাসামগ্রী প্রয়োজন বলে সতর্ক করেছেন প্যালেস্টিনিয়ান মেডিক্যাল রিলিফ সোসাইটির পরিচালক মোহাম্মদ আবু আফাশ। আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, উপত্যকায় রোগীর সংখ্যা ও চাহিদার তুলনায় যা সাহায্য পৌঁছাচ্ছে তা অত্যন্ত অপ্রতুল। প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর সরবরাহ দ্রুত বাড়ানো না গেলে পুরো গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ মানবিক সঙ্কটের মুখোমুখি হবে এবং রোগীদের জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এ দিকে তথাকথিত যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেও গাজায় নিয়মিত সামরিক আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীও এ ধরনের হামলার তথ্য স্বীকার করেছে। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, গত বুধবার গাজার নুসেইরাত এলাকায় একটি অভিযানে হামাসের সামরিক শাখার এক প্লাটুন কমান্ডার সাবাহি সামি মাহমুদ শাহাতা নিহত হয়েছেন। ইসরাইলি কর্তৃপক্ষের অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবরের অভিযান এবং পরবর্তী সময়ে জিম্মিদের আটকে রাখার সাথে তিনি সরাসরি যুক্ত ছিলেন। একই সাথে ২০২৩ সালের নভেম্বরে রেডক্রসের মাধ্যমে জিম্মি হস্তান্তরের সময়ও এই কমান্ডার উপস্থিত ছিলেন বলে দাবি করেছে সামরিক বাহিনী।