খাল ভরাট করে সাবেক যুবদল নেতার স’মিল ব্যবসা

Printed Edition

চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার চান্দিনায় ‘খাল ভরাট করে সাবেক যুবদল নেতার স’মিল ব্যবসা’ শিরোনামে কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর খালটি উদ্ধারে অভিযান চালানো হয়েছে। রোববার উপজেলার মহিচাইল বাজারসংলগ্ন ওই খালটি উদ্ধারে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। এ সময় এক্সেভেটর দিয়ে ১৭৮ ফুট দৈর্ঘ্য, ১৭ ফুট প্রস্থ ও অন্তত আট ফুট গভীরতায় খালটি খনন করে পুকুরের সাথে যুক্ত করা হয়। এতে প্রায় এক যুগ পর পুকুরের পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত হয়।

চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ফয়সাল আল নুর বলে, উপজেলার মহিচাইল বাজারের পাশে পুকুরসংলগ্ন খাল ভরাট করে স’মিল ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। মহিচাইল উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে খালটি উদ্ধার কাজ শুরু করি।

অভিযানকালে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা বাবুল দাস, চান্দিনা থানা পুলিশসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল বাজার, মহিচাইল উচ্চবিদ্যালয় ও মহিচাইল জোবেদা মমতাজ বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরের সংযোগ খাল ভরাট করে স’মিল ব্যবসাসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। খালটি ভরাট করায় বর্ষা মৌসুমে মহিচাইল জোবেদা মমতাজ বালিকা উচ্চবিদ্যালয় থেকে শুরু করে আশপাশের বাড়ি-ঘরে জলাবদ্ধতা দেখা দেয়।