গাজীপুর মহানগর প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশন পরিচালিত ‘বাউবি মডেল স্টাডি সেন্টার’-এ ২০২৬ শিক্ষাবর্ষের এমএড (২০২৬ ব্যাচ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সোমবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউবির প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। তিনি বলেন, ‘বাউবিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। এ লক্ষ্য অর্জনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন কার্যক্রম চালু করা হবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুল অব এডুকেশনের সহযোগী অধ্যাপক মো: আরিফ-উজ-জামান। পরে নবীন শিক্ষার্থীদের পক্ষে একজন ছাত্র ও একজন ছাত্রী তাদের অনুভূতি ও প্রত্যাশা তুলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন স্কুল অব এডুকেশনের অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক মো: জহুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল অব এডুকেশনের প্রভাষক এমএস অনুশ্রী ঘোষ। এমএড (২০২৬ ব্যাচ)-এ ভর্তি হওয়া মোট ৩৪ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ জন ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশ নেন।



