আলজাজিরা
হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের কার্যপ্রণালী নির্ধারণে ওমানের সাথে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও নিশ্চিত করেছে দেশটি। রোববার তেহরানে আনুষ্ঠানিকভাবে এই অগ্রগতির কথা জানানো হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাই জানান, শুক্রবার ও শনিবার তেহরানে ইরান ও ওমানের উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে বাকাই বলেন, ‘হরমুজ প্রণালীতে জাহাজের নিরাপদ উত্তরণের জন্য উভয় পক্ষ যৌথ নীতি ও পরিচালনাগত ব্যবস্থার ওপর বিস্তারিত মতবিনিময় করেছে।’ তিনি বলেন, ‘আলোচনাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এতে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে।’ তিনি জানান, ওমানের প্রতিনিধিদল শনিবার সন্ধ্যায় তেহরান ত্যাগ করলেও দুই দেশের মধ্যে প্রযুক্তিগত ও রাজনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান আক্রমণ করে মার্কিন ও ইসরাইলি বাহিনী। এর পর থেকেই আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালীতে তীব্র নিরাপত্তা উত্তেজনা বিরাজ করছে। গত জুন মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি সমাপ্তির ঘোষণা দেন।
সঙ্কট নিরসনে যুক্তরাষ্ট্র বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ এবং হরমুজ প্রণালীতে অবাধ নৌচলাচলের নিশ্চয়তা দাবি করে আসছে। অন্যদিকে ইরান তাদের উপকূল ঘেঁষে বিস্তৃত এই পানিপথ দিয়ে নৌযান চলাচলের জন্য নিজস্ব তদারকিমূলক ব্যবস্থার ওপর জোর দিচ্ছে।



