ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে গত পরশু নাটকীয় এক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ফুলহ্যামের মাঠে ৫-৪ গোলে রোমাঞ্চকর লড়াইয়ে জয় নিয়ে ফিরেছে সিটিজেনরা। ম্যাচের নাটকীয়তা ও উত্তাপ ছাপিয়ে আলোচনায় ছিলেন আর্লিং হলান্ড। ম্যাচের ১৭ মিনিটে ইত্তিহাদের দলটির হয়ে প্রথম গোলটি করে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড। এই গোলের সুবাদে প্রিমিয়ার লিগে এখন দ্রুততম শত গোলের মালিক হলান্ড। এ নিয়ে প্রিমিয়ার লিগে ১১১ ম্যাচে ১০০ গোল করলেন নরওয়ের এই তারকা। এত দিন রেকর্ডটি ছিল ইংলিশ গ্রেট অ্যালান শিয়েরারের। এ নিয়ে এবারের লিগে ১৪ ম্যাচে ১৫টি গোল হলো হলান্ডের।
এ দিকে স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচজুড়ে আক্রমণের আধিপত্য দেখাল বার্সেলোনা। কিন্তু খেলার ধারার বিপরীতে ম্যাচের ১৯ মিনিটে অ্যালেক্স বায়েনার গোল করলে ১-০তে এগিয়ে যায় দিয়েগো সিমিওনের দল। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ২৬ মিনিটে রাফিনহার গোলে ১-১-এ সমতায় ফেরা। ৬৫ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন দানি ওলমো। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের সপ্তম মিনিটে গোল করে ৩-১ ব্যবধানের জয় এনে দেন ফেরান টরেস। এই জয়ে ১৫ ম্যাচে লিগে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে ব্যবধানে এগিয়ে শীর্ষে বার্সেলোনা। অবশ্য এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।



