বেনাপোল (যশোর) সংবাদদাতা
ভারতে অনুপ্রবেশের অভিযোগে তিন বছর কারাভোগ শেষে বিশেষ ট্র্যাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশী ছয় নারী। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। তারা হলেন- নুসরাত মন্ডল, ফাতেমা জিন্নাত, মিম আক্তার, সাদিয়া আক্তার, রিপা খাতুন ও আরোহী মন্ডল। তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল এবং চাঁদপুর জেলার বাসিন্দা।
ফেরত আসা সাদিয়া আক্তার বলেন, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা ২০২৩ সালে সীমান্তপথ দিয়ে ভারতের হায়দরাবাদ গিয়েছিলেন। সেখানে বাসা-বাড়িতে এবং বিউটি পার্লারে কাজ করার সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে। অনুপ্রবেশের দায়ে সেখানকার আদালত তাদের তিন বছর সাজা দিয়ে কারাগারে পাঠায়। তিনি বলেন, কারাভোগ শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা প্রজ্জলায় দায়িত্ব নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্র্যাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মুর্তজ আলী বলন, ‘ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ছয় বাংলাদেশী নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



