সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন কাল

Printed Edition

আবদুল কাদের তাপাদার সিলেট

নবগঠিত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার। ওই দিন দুপুরে নগরের নাইওরপুলের হোটেল ফরচুন গার্ডেনে সিউকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আনুষ্ঠানিক যাত্রা শুরুর এই জমজমাট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এ ছাড়া এই গুরুত্বপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলার সব সংসদ সদস্য, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেটের সব দফতরের প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীলসমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন।

গতকাল দুপুরে সিউকের অস্থায়ী কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিউকের নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

এ সময় উপস্থিত ছিলেন সিউকের নির্বাহী পরিচালক সাদিউর রহমান জাদিদ, সদস্য (প্রকৌশল) মো: ইলিয়াস আহমদ ও সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর।

সংবাদ সম্মেলনে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেট ও এর সন্নিহিত এলাকা সমন্বয়ে একটি আধুনিক ও মনোমুগ্ধকর পর্যটন নগরী প্রতিষ্ঠা, সুপরিকল্পিত উন্নয়ন, ভূ- প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা এবং পর্যটন অঞ্চলে টেকসই, দৃষ্টিনন্দন ও পর্যটনবান্ধব অবকাঠামো ও স্থাপনা নিশ্চিত করাই সিউকের মূল উদ্দেশ্য।

তিনি জানান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ ২১ সদস্যবিশিষ্ট হবে। চেয়ারম্যানের নেতৃত্বে চারজন সদস্য, বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের প্রতিনিধি, তিনজন বিশিষ্ট নাগরিক এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে সিউক গঠিত হবে। একজন নির্বাহী পরিচালক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কয়েস লোদী বলেন, সিলেট মহানগরীর ৭৯.৫ বর্গকিলোমিটার ছাড়াও সন্নিহিত এলাকা হিসেবে সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ- এই চারটি উপজেলা সমন্বয়ে প্রায় ৯৯৫ বর্গকিলোমিটার এলাকাকে সিউকের অধিক্ষেত্র হিসেবে ঘোষণার প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ন্যায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অধিভুক্ত এলাকায় কার্যক্রম গ্রহণ করা হবে। সিডিএ অধিক্ষেত্র হবে ১১৬৫ বর্গকিলোমিটার এলাকা।

সিউক চেয়ারম্যান কয়েস লোদী বলেন, সিউকের রাজস্ব খাতে ৬৭ ক্যাটাগরিতে ৭১৪ পদ সৃজন, পদ সৃজনের যৌক্তিকতা, বেতন স্কেল, নিয়োগযোগ্যতা নির্ধারণ ও প্রবিধানমালা প্রণয়নপূর্বক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে প্রেরণ করা হয়েছে। স্থায়ী ও আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবলের মাধ্যমে দাফতরিক কার্যক্রম শুরু হয়েছে।

এ সময় সিউক চেয়ারম্যান কয়েস লোদী জানান, স্থায়ী দফতরের জমির জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।