সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলামী, আমি কখনো নাম ধরে বলিনি, এরা হলো মুনাফিকের দল। এই মুনাফিকদের বাংলাদেশে কোনোকালে, কোনোদিন, ক্ষমতায় আসতে দেয়া হবে না। অন্তত আমি যতদিন বেঁচে আছি জামায়াতকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। গত মঙ্গলবার ফেনীর সোনাগাজী পৌর শহরে ধানের শীষের নির্বাচনী প্রচারণাকালে দেয়া তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, এরা সবসময় মানুষের পেছনে খোঁচাখুঁচি করে। দেশকে উন্নত করার বদলে সিরিয়া বা লেবাননের মতো অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দেবে। জনগণের উন্নয়ন এদের লক্ষ্য নয়- এরা সুযোগসন্ধানী, মিথ্যাচারী। তিনি সোনাগাজী-দাগনভূঞার ভোটারদের উদ্দেশে বলেন, কোনোদিন, কোনোকালেই এদের যেন কোনো জনপ্রতিনিধি হতে দেয়া না হয়।
মিন্টু আরো বলেন, আমি ধানের শীষের জন্য একটি ভোট চাইতে এসেছি। ধানের শীষ বিজয়ী হলে এবং তারেক রহমান সরকারপ্রধান হলে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন- ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মনজুর হোসেন বাবর, সদস্যসচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, সদস্যসচিব ইমাম হোসেন প্রবীর, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্যসচিব রাসেল হামিদী প্রমুখ।



