কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান ১২ বছর পর চাকরিতে পুনর্বহাল হয়েছেন।
তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালের বিষয়ে গত ৭ সেপ্টেম্বর প্রেসিডেন্টের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শৃঙ্খলা বিষয়ক শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর ১৯ বিধি অনুযায়ী মাহবুবুর রহমানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে সরকারি চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তা এবং কলেজ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
অধ্যক্ষ মাহবুবুর রহমান জানান, ২০১৪ সালে হজ পালন শেষে দেশে ফিরে তিনি সাময়িক বরখাস্তের বিষয়টি জানতে পারেন। তার দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও হয়রানিমূলক ছিল। এ বিষয়ে তিনি দীর্ঘদিন আইনি লড়াই করেছেন।
তিনি বলেন, ‘আমি পবিত্র হজে থাকাকালে মিথ্যা অভিযোগে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। আইনিভাবে বিষয়টি মোকাবেলা করেছি এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর প্রাপ্য অধিকার ফিরে পেয়েছি। এ সময়ে যারা পাশে ছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, কলেজে ফিরে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির উন্নয়নে কাজ করতে চান।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্বহালের আদেশ জারির পর প্রায় ১২ বছর পর নিজ কর্মস্থলে ফেরার সুযোগ পেলেন অধ্যক্ষ মাহবুবুর রহমান।



