হাদির গায়েবানা জানাজা

এত বছরেও আমরা পূর্ণ স্বাধীনতার স্বাদ পাইনি : ড. আলী আজাদী

Printed Edition
এত বছরেও আমরা পূর্ণ স্বাধীনতার স্বাদ পাইনি : ড. আলী আজাদী
এত বছরেও আমরা পূর্ণ স্বাধীনতার স্বাদ পাইনি : ড. আলী আজাদী

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরও দুঃখজনকভাবে আমরা লক্ষ করছি আমাদের আশপাশে এখনো গুপ্তঘাতক ও অশুভ শক্তিগুলো সক্রিয়ভাবে ঘুরে বেড়াচ্ছে। স্বাধীনতার এত বছর অতিক্রান্ত হলেও স্বাধীনতার স্বাদ আমরা এখনো সম্পূর্ণভাবে পাইনি। আজও একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও নিরাপদ সমাজ পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারিনি। গতকাল শনিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ মাঠে জুলাই গণ-অভ্যুত্থানের বীরসেনানী শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজায় ড. মোহাম্মদ আলী আজাদী এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর আহসানুল্লাহ ভূঁইয়া, রেজিস্ট্রার কর্নেল মো: কাসেম পিএসসি (অব:), বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী প্রমুখ।

গায়েবানা নামাজে জানাজায় আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী আরো বলেন, যারা অন্যায়, অবিচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ায়, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে, তাদের কণ্ঠ রোধ করতেই বারবার সহিংসতা ও হত্যার পথ বেছে নেয়া হয়েছে। শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন ন্যায়ের প্রশ্নে আপসহীন এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার এক অকুতোভয় সৈনিক। শরিফ ওসমান হাদির সংগ্রামী জীবন ও আত্মত্যাগ আমাদের তরুণ প্রজন্মকে নৈতিকতা, সাহস ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। জাতির ইতিহাসে শহীদরা কখনো হারিয়ে যায় না; বরং তারা ভবিষ্যৎ প্রজন্মের পথচলার আলোকবর্তিকা হয়ে থাকে।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।