ক্রীড়া প্রতিবেদক
ঘরোয়া ক্রিকেটের স্থবিরতা কাটিয়ে পাইপলাইনকে আরো শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘সোনার বাংলা পাথওয়ে টি-২০ ক্রিকেট লিগ ২০২৬’ নামে নতুন এই টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বোর্ড। যার মূল লক্ষ্য ফ্র্যাঞ্চাইজি ও প্রচলিত ক্লাব লিগের বাইরে থাকা ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরানো।
২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে এই টুর্নামেন্ট হবে রাজশাহী ও বগুড়ায়। পুরো আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদকে, যিনি ‘লিড অব দ্য ইভেন্ট’ হিসেবে কাজ করবেন। ছয় থেকে আটটি দল নিয়ে লিগ আয়োজনের পরিকল্পনা থাকলেও দলসংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। এই টুর্নামেন্টের খেলোয়াড় নির্বাচন করবে জাতীয় নির্বাচক প্যানেল। মূলত দু’টি শ্রেণীর ক্রিকেটারদের এই লিগে খেলার সুযোগ দেয়া হবে। এক দিকে বিপিএল ২০২৫-২৬ মৌসুমের নিলাম তালিকায় থেকেও যারা কোনো ফ্র্যাঞ্চাইজির দলে জায়গা পাননি, অন্য দিকে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ না নেয়া আটটি ক্লাবের সাথে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা থাকবেন।



