আশা জিইয়ে রাখল যুক্তরাষ্ট্র

Printed Edition

ক্রীড়া ডেস্ক

২০২৪ সালে টি-২০ বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেছিল যুক্তরাষ্ট্র। সেবার গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে উঠে হইচই ফেলে দিয়েছিল তারা। নামিবিয়াকে গতকাল ৩১ রানে হারিয়ে এবারো সুপার এইটে খেলার স্বপ্ন জিইয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ‘এ’ গ্রুপে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে তারা। ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো একটি দল তাদের বাকি দুই ম্যাচে হারলে দ্বিতীয়বার সুপার এইটে যেতে পারে যুক্তরাষ্ট্র।

চেন্নাইয়ে গতকাল সুপার এইটে উঠার স্বপ্ন জিইয়ে রাখার ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে যুক্তরাষ্ট্র। সঞ্জয় কৃষ্ণমূর্তির হার না মানা ৩৩ বলে ৬৮ ও অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের ৩০ বলে ৫২ রানে ভর করে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৯ রান করে তারা। এ ছাড়া মিলিন্দ কুমারের ২৮ ও শায়ান জাহাঙ্গীরের ২২ রান ছিল উল্লেখযোগ্য।

২০০ রানকে তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল নামিবিয়ারও। উদ্বোধনী জুটিতে ষষ্ঠ ওভারেই ৫৪ রান করে দলটি। এরপর জ্যান ফ্রাইলিঙ্ক ১৯ রানে আউট হলে ভাঙে জুটি। সেখান থেকে জান নিকোল লফটি-ইটনকে নিয়ে ৪৫ রানের জুটি লরেন স্টিনক্যাম্পের। ২৮ রান করে ইটন ফিরলে ম্যাচ থেকে ছিটকে পড়ে নামিবিয়া। দলীয় স্কোরে ১৩ রান যোগ করতেই ব্যক্তিগত ৫৮ রানে ফেরেন ওপেনার স্টিনক্যাম্প। শেষের দিকে ৩১ রান করেন জেজে স্মিট। কিন্তু তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ছয় উইকেটে ১৬৮ রানেই থেমে যায় নামিবিয়া। ৬৮ রানে অপরাজিত থেকে দলের জয়ে অবদান রেখে ম্যাচসেরা হন কৃষ্ণমূর্তি।