বাকৃবিতে প্রতিবাদ সমাবেশ

কৃষিবিদ পারভেজের ওপর হামলাকারীদের বিচারের দাবি

Printed Edition

বাকৃবি প্রতিনিধি

ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) সাংগঠনিক সম্পাদক ও জুলাই অভ্যুত্থানের যোদ্ধা কৃষিবিদ ডা: শাহাদাত হোসেন পারভেজের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় ‘জাতীয়তাবাদী কৃষিবিদ ও পেশাজীবীবৃন্দ’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ থেকে বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং অন্যথায় দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

জানা গেছে, গত ৪ জুন ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে বাকৃবি ছাত্রদলের সাবেক সহসভাপতি ও পেশাজীবী নেতা ডা: শাহাদাত হোসেন পারভেজের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।

প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে বাকৃবি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত ৪ জুন কেআইবি চত্বরে আমাদের প্রিয় সহযোদ্ধা পারভেজের ওপর যে বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলা হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। ভাড়াটে গুন্ডা লেলিয়ে দিয়ে তাকে যেভাবে মারধর করা হয়েছে, তা কোনো সাধারণ অপরাধীর সাথেও করা হয় না। বিগত ১৭ বছর ধরে ঢাকার রাজপথে স্বৈরাচারবিরোধী লড়াইয়ে এবং সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানে অবদানের জন্য যিনি প্রথম সারিতে ছিলেন, তার ওপর এমন জুলুম কোনোভাবেই মেনে নেয়া যায় না।’ তিনি আরো বলেন, ‘পেশাজীবীদের মধ্যে মতপার্থক্য বা অনৈক্য থাকতেই পারে, কিন্তু মতপ্রকাশের জেরে একজনের গায়ে হাত তোলা বা খুনের চেষ্টা করার মতো অপরাধী মানসিকতা যারা পোষণ করে, তাদের কোনো সংগঠনের নেতৃত্বে রাখা কোনোক্রমেই সমীচীন নয়। আমরা আর কোনো অন্যায় সহ্য করব না।’

অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) ময়মনসিংহ চ্যাপ্টারের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সাদেকুজ্জামানের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় ও স্থানীয় ‘অ্যাব’ নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, একজন সুপরিচিত পেশাজীবী নেতার ওপর দিন-দুপুরে এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনা শুধু ব্যক্তিকেন্দ্রিক নয় বরং পেশাজীবীদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর বড় আঘাত। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।