আর্জেন্টিনা-ইংল্যান্ড টিকিট

সর্বনিম্ন সাড়ে তিন লাখ সর্বোচ্চ সাড়ে ৫ কোটি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদাও তুঙ্গে। জনপ্রিয় অনলাইন টিকিট কেনা-বেচার প্ল্যাটফর্ম সিটগিকে ফিসহ সবচেয়ে কম দামের টিকিটের মূল্য দুই হাজার ৯৩১ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় তিন লাখ ৬১ হাজার টাকা)। স্টেডিয়ামের একেবারে নিচের দিকের আসন, যাকে বলা হয় ১০০-লেভেল। এসব আসনের দাম শুরু হয়েছে তিন হাজার ৪৪৯ ডলার থেকে (প্রায় চার লাখ ২৫ হাজার টাকা)। এ ছাড়া স্টেডিয়ামের মাঝামাঝিতে থাকা ২০০-লেভেলের আসনের টিকিটের দাম তিন হাজার ৬৯০ ডলার (চার লাখ ৫৪ হাজার টাকা)।

এ ছাড়া মাঠের একদম কাছাকাছি লোয়ার লেভেল ক্লাব টিকিটের দাম শুরু হয়েছে ১২ হাজার মার্কিন ডলার (প্রায় ১৪ লাখ ৭৯ হাজার টাকা) থেকে। এই টিকিটের সাথে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ, ওপেন বার, প্রিমিয়াম ডাইনিং এবং বিশেষ উপহার অন্তর্ভুক্ত থাকে। তবে কিছু সময়ের জন্য এসব টিকিটের দাম সর্বোচ্চ ১৬ হাজার মার্কিন ডলার (প্রায় ১৮ লাখ ৮০ হাজার টাকা) পর্যন্ত উঠেছে।

লোয়ার লেভেল ক্লাব আসনের চাহিদা সবচেয়ে বেশি থাকায় থার্ড-পার্টি রিসেল মার্কেটপ্লেসে এসব টিকিটের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তা ছাড়া, ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে এ ধরনের কিছু হাই-প্রিমিয়াম লাউঞ্জ ও গ্র্যান্ড স্ট্যান্ড সিটের দাম বিক্রেতারা সর্বোচ্চ এক লাখ মার্কিন ডলারের ওপরেও নির্ধারণ করেছেন। তবে ‘সিটগিক’ ও ‘স্টাবহাব’-এর মতো সেকেন্ডারি সাইটে এগুলো আট হাজার থেকে ১৬ হাজার মার্কিন ডলারের (প্রায় ৯ লাখ ৮৬ হাজার থেকে ১৯ লাখ ৭২ হাজার টাকা) মধ্যেই ওঠানামা করছে।

মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের ২০০ এবং ৩০০ কনকোর্সের মাঝামাঝি কিছু লাক্সারি স্যুট বা কেবিন রয়েছে। প্রিমিয়াম স্যুটের আসনের মূল্য ৮ হাজার থেকে ৯ হাজার মার্কিন ডলারের (৯ লাখ ৮৬ হাজার থেকে ১১ লাখ ৯ হাজার টাকা) মধ্যে ওঠানামা করছে। তবে সম্পূর্ণ একটি প্রাইভেট প্রিমিয়াম লাক্সারি স্যুটের সর্বোচ্চ দাম উঠেছে চার লাখ ২০ হাজার মার্কিন ডলার (প্রায় চার কোটি ৯৩ লাখ টাকা)। স্পেশাল গ্যালাঘের লেভেল বা অনুরূপ প্রাইভেট স্যুটগুলোর দাম এক লাখ ৭৭ হাজার মার্কিন ডলার থেকে শুরু করে সর্বোচ্চ চার লাখ ২০ হাজার মার্কিন ডলার (প্রায় পাঁচ কোটি ১৭ লাখ টাকা) পর্যন্ত বিক্রি হচ্ছে। এই প্যাকেজগুলোতে সাধারণত ১২ থেকে ১৮টি টিকিট এবং চারটি পার্কিং পাস একসাথে অন্তর্ভুক্ত থাকে।

ফিফার অফিসিয়াল ক্যাটাগরি-১ (সবচেয়ে ভালো সাধারণ আসন) টিকিটের দাম রিসেল মার্কেটে গড়ে তিন হাজার ৫৪৫ মার্কিন ডলারে সোল্ড-আউট হয়ে গেছে।

এ দিকে ফাইনালের টিকিটের দামও বেশ চড়া। নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য ছয় হাজার ৭৬০ ডলার (আট লাখ ৩৩ হাজার ২০০ টাকা), যদিও গত ৭২ ঘণ্টায় তা ৬ শতাংশ কমেছে। গত অক্টোবরে এই টিকিটের মূল্য সর্বোচ্চ ১৩ হাজার ৬৫০ ডলার (১৬ লাখ ৮২ হাজার ৪২৪ টাকা) পর্যন্ত উঠেছিল। টিকিটের উচ্চমূল্য নিয়ে বিভিন্ন পর্যায়ে সমালোচনার মুখে পড়েছে ফিফা। অতিরিক্ত টিকিট মূল্যের অভিযোগে একটি সমর্থক গোষ্ঠী মামলাও করেছে।