সিলেট ব্যুরো
সিলেট মহানগরের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া আরো ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ নিয়ে গত পাঁচ মাসে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোট ২৭৪টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে। রোববার এসএমপি সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
এসএমপি সূত্র জানায়, মহানগরের ছয়টি থানায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত ৫৭০টি সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে সর্বশেষ ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিডিতে দেয়া তথ্য এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় এসএমপির গোয়েন্দা (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট ও জিনিয়া টিম মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করে। উদ্ধার হওয়া মোবাইল ফিরে পেয়ে মালিকরা এসএমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস কেনাবেচার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, পুরনো ডিভাইস কেনার আগে বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করতে হবে। ক্রয়ের রসিদ সংরক্ষণ এবং ডিভাইসের আইএমইআই নম্বর বক্সে থাকা নম্বরের সাথে মিলিয়ে দেখাও জরুরি।
তিনি আরো বলেন, রাস্তাঘাটে, অপরিচিত ব্যক্তির কাছ থেকে বা ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্মে অস্বাভাবিক কম দামে মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকা উচিত। কারণ এসব ডিভাইস চোরাই বা অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার আশঙ্কা থাকে। পুলিশ কমিশনার বলেন, প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং নাগরিকদের কার্যকর সেবা দিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে।
এসএমপি জানায়, পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উদ্যোগে গত ২২ ফেব্রুয়ারি ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও জিনিয়া টিম গঠন করা হয়। এরপর গত পাঁচ মাসে মোট ২৭৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার ছিল পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সিলেটে শেষ কর্মদিবস।



