মাদরাসা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের লক্ষ্যে শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করা একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ বলে মন্তব্য করেছেন ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। একইসাথে ফাজিল (অনার্স) পর্যায়ের শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার ওপরও জোর দেন তিনি। তিনি বলেন, অধিভুক্ত মাদরাসাসমূহের ফাজিল (অনার্স) শিক্ষা কার্যক্রমকে অধিকতর কর্মমুখী ও গবেষণাবান্ধব করার মাধ্যমে দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ফাজিল (অনার্স) স্তরের ১০৮টি মাদরাাসার অধ্যক্ষদের সাথে মতবিনিময় সভা ও মূল সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মাদরাসা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সব কার্যকর পদক্ষেপ একসাথে নিতে হবে। অনেক শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণ না করলেও পরীক্ষায় অংশ নেয়, যা নিয়ে অধ্যক্ষদের আরো সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
তিনি আরো বলেন, এভাবে প্রকৃত আলেম তৈরি করা সম্ভব নয়। মানসম্মত আলেম তৈরিতে অধ্যক্ষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের মাদরাসা শিক্ষার্থীরা অনেকেই আছেন যারা উচ্চ শিক্ষার জন্য সৌদি আরব ও মিশরসহ বিশে^র বিভিন্ন আন্তর্জাতিক মানের বিশ^বিদ্যালয়ে পড়তে যেতে আগ্রহী; তারা যেনো এ সুযোগ থেকে বঞ্চিত না হয় সেভাবেই তাদের গড়ে তুলতে হবে। এ ছাড়াও মাদরাসা শিক্ষা কার্যক্রমকে যুগোপযোগী ও আকর্ষণীয় করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য আবাসিক হলের ব্যবস্থা এবং বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক নিয়োগ নিশ্চিত করার মাধ্যমে ভর্তি ও শিক্ষার মান দুটোই বৃদ্ধি করা সম্ভব। বিজ্ঞপ্তি।



