ভারতীয়-আমেরিকান হিন্দু গোষ্ঠী মামদানিকে ‘হিন্দু ও ভারতবিরোধী’ বলে অভিযুক্ত করেছে

মামদানিকে হারাতে নিউ ইয়র্ক ও দিল্লিতে সোচ্চার কট্টর হিন্দুত্ববাদীরা

Printed Edition
মামদানিকে হারাতে নিউ ইয়র্ক ও দিল্লিতে সোচ্চার কট্টর হিন্দুত্ববাদীরা
মামদানিকে হারাতে নিউ ইয়র্ক ও দিল্লিতে সোচ্চার কট্টর হিন্দুত্ববাদীরা

নিউ ইয়র্ক টাইমস

ভারতের রাজধানী দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি, জোহরান মামদানির বিরুদ্ধে এক সুগঠিত ও ব্যাপক আক্রমণ চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ও তার সমর্থক গোষ্ঠীগুলো মামদানির সমালোচনা করে তাকে ‘হিন্দুবিদ্বেষী’ ও ‘দেশবিরোধী’ হিসেবে তলে ধরছে। এর সাথে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ভারতীয়-আমেরিকান হিন্দু সম্প্রদায়, যারা প্রায় সরাসরি মোদির রাজনৈতিক শিবিরের সাথে যুক্ত এবং মামদানির বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করছে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র পদের প্রাথমিক নির্বাচনের দুই দিন আগে একটি বিমান উড়ে যায় স্ট্যাচু অব লিবার্টির ওপর দিয়ে। সেই বিমানের সামনে একটি ব্যানার ঝোলোনো হয় নির্বাচনের প্রধান প্রার্থী জোহরান মামদানিকে লক্ষ্য করে। ব্যানারে লেখা ছিল ‘সেভ নিউ ইয়র্ক ফ্রম গ্লোবাল ইন্তিফাদা অ্যান্ড রিজেক্ট মামদানি (ইন্তিফাদার বিশ্বায়ন থেকে নিউ ইয়র্ককে বাঁচাও’ এবং মামদানিকে প্রত্যাখ্যান করো।)

উল্লেখ্য, ইন্তিফাদা শব্দটি সাধারণত ফিলিস্তিনে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিবাদ বা উত্থান বোঝাতে ব্যবহৃত হয়। ‘ইন্তিফাদার বিশ্বায়ন’ মানে এই প্রতিবাদ বা সংগ্রামের মডেল বা ভাবনাকে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়া, যাতে তা বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পরিচিতি পায় বা অন্য জায়গায় প্রতিবাদ-আন্দোলনের উৎস হয়ে দাঁড়ায়। ব্যানারটি মূলত শহরের ইহুদি ভোটারদের উদ্দেশ্য করে তৈরি হলেও এর পেছনে রয়েছে ভারতীয়-আমেরিকান হিন্দু গোষ্ঠী। এই গোষ্ঠী মামদানিকে ‘হিন্দু ও ভারতবিরোধী’ বলে অভিযুক্ত করেছে।

মামদানি একজন মুসলিম এবং বহুদিন ধরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব। এ দিকে মোদি ভারতে একজন জনপ্রিয় নেতা, যিনি দেশটির হিন্দু জাতীয়তাবাদের সাথে সংযুক্ত এবং তার বিরুদ্ধে মুসলিম সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ রয়েছে। গত মে মাসে মোদিকে ‘যুদ্ধাপরাধী’ বলে অভিহিত করেছেন মামদানি। তিনি মোদির নিউ ইয়র্ক সফরে বাধা দেয়ারও চেষ্টা করেন। সেই সাথে একটি রাজ্য অ্যাসেম্বলি সদস্যকে ভারতীয়-আমেরিকানদের দেয়া নির্বাচনী তহবিল ফিরিয়ে দিতে বলেছিলেন। তিনি সেই ভারতীয়–আমেরিকানদের ‘হিন্দু ফ্যাসিবাদী’ বলে অভিহিত করেছিলেন।

২০২০ সালে স্টেট অ্যাসেম্বলি নির্বাচনের প্রচারের সময় মামদানি টাইমস স্কয়ারে একটি বিক্ষোভে যোগ দেন। সেখানে হিন্দু মন্দির নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদকারী একটি গোষ্ঠী হিন্দু কারা? জারজ!’ স্লোগান দিয়েছিল। মামদানি ওই বক্তব্যগুলো নিয়ে কখনো প্রকাশ্যে নিন্দা করেননি এবং এ বিষয়ে প্রশ্ন করলে তার নির্বাচনী প্রচার দল কোনো মন্তব্য করতে অস্বীকার করে। নিউ ইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও বর্তমানে মোদি সমর্থকদের আক্রমণের মুখে পড়ছেন মামদানি।

এই প্রচেষ্টা দেখিয়ে দেয় কিভাবে দিল্লির রাজনীতি নিউ ইয়র্কের নির্বাচনে প্রভাব ফেলতে পারে। ভারতে মোদি পক্ষের সংবাদমাধ্যমগুলো লাখ লাখ টিভি ও স্মার্টফোনে মামদানির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। সরাসরি মোদি ও তার শাসক বিজেপির সাথে যুক্ত ভারতীয়-আমেরিকান কিছু গোষ্ঠী একটু সূক্ষè পদ্ধতিতে কাজ করছে। তারা মামদানির প্রতিদ্বন্দ্বীদের জন্য অর্থ সংগ্রহ করছে। রকিব নায়েক, ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’-এর পরিচালক বলেছেন, ভারতভিত্তিক হিন্দু জাতীয়তাবাদী ও আমেরিকান হিন্দু গোষ্ঠী একসাথে মামদানিকে ‘হিন্দুবিরোধী’ প্রার্থী হিসেবে উপস্থাপন করছে।’

তবু অনেক দক্ষিণ এশীয় বিশেষ করে তরুণ, মুসলিম ও উদারপন্থীদের ব্যাপক সমর্থন পাচ্ছেন মামদানি। তিনি দক্ষিণ এশীয় বসতি এলাকায় বড় ব্যবধানে জয়ী হয়েছেন এবং বেশ কিছু অ্যানালাইসিস অনুযায়ী বেশির ভাগ এশীয় সংখ্যাগরিষ্ঠ এলাকায় প্রথম পছন্দ ভোটের ৫২ শতাংশ পেয়েছেন। নিউ ইয়র্কে প্রায় ৪ লাখ ৪৭ হাজার ৬৪ দক্ষিণ এশিয়ার মানুষ বসবাস করেন, যারা ভোটারের বড় অংশ। তবে সবার দৃষ্টিভঙ্গি একই রকম নয়।

তাই হিন্দুদের বিরোধিতা মামদানির ভোটে কতটা প্রভাব ফেলবে তা স্পষ্ট নয়। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে পিউ রিসার্চ সেন্টার অনুমান করেছে, নিউ ইয়র্কের জনসংখ্যার ২ শতাংশ, অর্থাৎ প্রায় ৮০ হাজার হিন্দু ধর্মাবলম্বী। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর। ফলে এই শহরের মেয়রের একটি বৈশ্বিক প্রভাব থাকে। এখন মামদানি সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং মধ্যপন্থী ডেমোক্র্যাটদের আশ্বস্ত করার চেষ্টা করছেন যে তিনি একজন যোগ্য প্রার্থী।

তবে একই সাথে তাকে দূরদেশের এক শক্তিশালী দলের রোষানলে পড়তে হচ্ছে। মামদানিবিরোধী বার্তাটি এসেছে একেবারে ওপরের স্তর থেকে। ভারতের বিজেপির জাতীয় মুখপাত্র সঞ্জু বর্মা সম্প্রতি মামদানিকে ‘হিন্দুবিদ্বেষী কট্টরপন্থী’ এবং ‘উন্মাদ মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন। এ ধরনের বক্তব্য বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়া হয়েছে মোদি সমর্থক গণমাধ্যম এবং প্রভাবশালীদের একটি নেটওয়ার্কের মাধ্যমে।

দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেইটের মতে, গত ১৩ থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে ভারতে পরিচিত ডানপন্থী অ্যাকাউন্ট এবং হিন্দু জাতীয়তাবাদের সাথে সংশ্লিষ্ট এক্স প্রোফাইলগুলো থেকে মামদানিকে নিয়ে ছয় শতাধিক সমালোচনামূলক পোস্ট প্রকাশিত হয়েছে।