পুলিশকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : আইজিপি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বর্তমান বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে প্রযুক্তি শুধু উন্নয়নের সহায়ক নয়, অপরাধের ধরনও বদলে দিচ্ছে। অপরাধীরা প্রযুক্তি ব্যবহার করে নতুন কৌশল গ্রহণ করছে। তাই পুলিশ বাহিনীকে প্রযুক্তির সর্বোচ্চ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির। গতকাল বুধবার ডিএমপি সদর দফতরে আয়োজিত ৯টি অ্যাপ ও সফটওয়্যারের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো: সরওয়ার উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ডিএমপির উদ্যোগে তৈরি এসব সফটওয়্যার সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ, যা আধুনিক পুলিশিং ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। রোড ট্রান্সপোর্ট আইন ভায়োলেশন ডিটেকশন সিস্টেমের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গকারীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরো কার্যকর হবে।

তিনি আরো বলেন, ‘হ্যালো ডিএমপি’ অ্যাপ জনগণ ও পুলিশের মধ্যে আধুনিক যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করবে। নাগরিকরা সহজেই বিভিন্ন সেবা গ্রহণ, অভিযোগ জানানো এবং প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারবেন, যা জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।