নিজস্ব প্রতিবেদক
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার। এদিন বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুরুর এক ঘণ্টা আগেই নিজ কেন্দ্রের নির্ধারিত কক্ষে উপস্থিত থাকতে হবে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ৩ জানুয়ারি প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্রে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদেরকে পরীক্ষার দিন বেলা ১টার মধ্যে পরীক্ষা কক্ষে উপস্থিত হতে হবে।
ইতোমধ্যে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। কৃষিগুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।



