যুব বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সুপার সিক্স-২-এ’র ম্যাচে গতকাল টিকে থাকার লড়াই ছিল বাংলাদেশের। কিন্তু সেই লড়াইয়ে অসহায় আত্মসমর্পণ করল যুব টাইগাররা। আগে ব্যাটিংয়ে নেমে ১৩৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। ইনিংসে নেই কোনো ফিফটি। একমাত্র ব্যাটার হিসেবে ত্রিশ রান ছুঁতে পারলেন রিফাত বেগ। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আবদুল্লাহর। ৩৮.১ ওভারেই অলআউট হয় যুবারা। বুলাওয়ায়োতে সুপার সিক্সের দুই নম্বর গ্রুপে ছোট লক্ষ্যকে তাড়া করতে নেমে ১৫৫ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে ইংল্যান্ড।

গ্রুপ পর্বে একটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। সেটাও সুপার সিক্সে উঠতে না পারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে। নামের পাশে তাই ছিল এক পয়েন্ট। ফলে আজিজুল হাকিমদের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে সুপার সিক্সের দু’টি ম্যাচই জিততে হতো। কিন্তু প্রথম পরীক্ষা হেরে বাদ পড়ে গেল ২০২০ আসরের চ্যাম্পিয়নরা।