চিলির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী অ্যান্তোনিও কাস্ত

আলজাজিরা
Printed Edition
চিলির প্রেসিডেন্ট নির্বাচনে  জয়ী অ্যান্তোনিও কাস্ত
চিলির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী অ্যান্তোনিও কাস্ত

দক্ষিণ আমেরিকার দেশ চিলির ৩৮তম প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে কট্টর ডানপন্থী প্রার্থী হোসে অ্যান্তোনিও কাস্ত জয়ী হয়েছেন। তিনি বর্তমানে ক্ষমতায় থাকা মধ্য বামপন্থী সরকারকে পরাজিত করেছেন। রোববার প্রায় সব ভোট গণনা শেষ হওয়ার পর দেখা যায়, কাস্ত ৫৮ শতাংশের মতো ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি সাবেক শ্রমমন্ত্রী জ্যানেট জারাকে পরাজিত করেছেন। জারা কমিউনিস্ট পার্টির রাজনীতিক এবং ক্ষমতাসীন মধ্য বাম জোটের প্রার্থী ছিলেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই জারা ও তার জোট ‘ইউনিটি ফর চিলি’ পরাজয় স্বীকার করে নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে জারা লিখেছেন, ‘যারা আমাদের সমর্থন করেছেন এবং আমাদের প্রার্থিতা থেকে অনুপ্রাণিত হয়েছেন, তাদের আশ্বস্ত করতে চাই, আমরা আমাদের দেশের মানুষের জন্য আরো ভালো জীবন গড়তে কাজ চালিয়ে যাব। আমরা সব সময় যেমন ছিলাম, তেমনই একসাথে ও দৃঢ়ভাবে পাশে থাকব।’

এই ফল লাতিন আমেরিকায় কট্টর ডানপন্থীদের সাম্প্রতিক বিজয়ের ধারাবাহিকতাকেই তুলে ধরছে। বিগত কয়েক বছরে আর্জেন্টিনা ও ইকুয়েডরের মতো দেশে একসময় রাজনৈতিক বহিরাগত হিসেবে বিবেচিত ডানপন্থী নেতারা ক্ষমতায় গেছেন। এই ফল হোসে অ্যান্তোনিও কাস্তের ব্যক্তিগত রাজনীতিতেও বড় ধরনের প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয়। ৫৯ বছর বয়সী রিপাবলিকান পার্টির এই নেতা ২০২৫ সালের নির্বাচনে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই প্রথমবার তিনি জয় পেলেন।

এর আগে ২০২১ সালের নির্বাচনে কাস্ত বিদায়ী প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচের কাছে পরাজিত হয়েছিলেন। সাবেক ছাত্রনেতা বোরিচ চিলির ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হয়েছিলেন। তবে তার চার বছরের মেয়াদের শেষ দিকে তার জনপ্রিয়তা প্রায় ৩০ শতাংশে নেমে আসে। পাশাপাশি চিলির আইন অনুযায়ী, তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার যোগ্যও ছিলেন না। জনমত জরিপে ভোটাররা সাম্প্রতিক সময়ে চিলির অর্থনীতিতে মন্দা এবং অপরাধ ও অভিবাসনের হার বেড়ে যাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

কাস্ত পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী প্রচার চালিয়েছেন। ভোটারদের উদ্বেগ দূর করতে তিনি অপরাধ ও অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছেন। এমনকি গণহারে অভিবাসীদের বিতাড়িত করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যেমনটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন।