মা-বাবার কবর জিয়ারত করে ড. মোশাররফের প্রচারণা শুরু

Printed Edition

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন তার মা-বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের বাড়ি গয়েশপুরে পারিবারিক কবরস্থানে তিনি তার মা-বাবার কবর জিয়ারত করেন। এ সময় বড়পুত্র খন্দকার মাহবুব হোসেন শিশির, ছোটপুত্র ড. খন্দকার মারুফ হোসেনসহ নেতাকর্মীদের নিয়ে তাদের রূহের মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন।

জিয়ারত শেষে ড. মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি নির্বাচনের মাঠে রয়েছে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি কুমিল্লা-১ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় কাজ করতে চান।

এরপর তিনি মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীরা জানান, শান্তিপূর্ণ ও গণমুখী কর্মসূচির মধ্য দিয়ে পুরো আসনে ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচার চালানো হবে।