ক্রীড়া ডেস্ক
সাবেক পেশাদার ফুটবলারদের মধ্যে বিষণœতা, উদ্বেগ এবং স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষণাটি আলঝেইমারস অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করা হয়েছে। এতে ৩০ থেকে ৬০ বছর বয়সী ১২৪ জন সাবেক পেশাদার ফুটবলারের মস্তিষ্কের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গবেষণায় দেখা যায়, অংশগ্রহণকারীদের ৩১ শতাংশের মধ্যে চিকিৎসাগতভাবে গুরুত্বপূর্ণ বিষণœতার লক্ষণ রয়েছে, যা একই বয়সী অ-ফুটবলারদের তুলনায় ২২ শতাংশ বেশি।
এ ছাড়া ৪২ শতাংশ সাবেক ফুটবলারের মধ্যে উল্লেখযোগ্য উদ্বেগজনিত উপসর্গ পাওয়া গেছে, যেখানে সাধারণ মানুষের ক্ষেত্রে এ হার ২৫ শতাংশ।
মস্তিষ্কের স্ক্যানে দেখা গেছে, সাবেক ফুটবলারদের মস্তিষ্কের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশে ধূসর পদার্থের পরিমাণ কমে গেছে। এসব অংশ স্মৃতিশক্তি, মনোযোগ, সিদ্ধান্ত গ্রহণ এবং আবেগ নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত। পাশাপাশি মস্তিষ্কের সামগ্রিক আয়তনও তুলনামূলকভাবে কম পাওয়া গেছে। এতে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ ও নারী সুপার লিগের সাবেক খেলোয়াড়রাও অংশ নেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘ দিন ধরে বল হেড করার ফলে মাথায় বারবার আঘাত লাগা এসব সমস্যার অন্যতম কারণ হতে পারে। এর আগে ২০১৯ সালের এক গবেষণায়ও দেখা গিয়েছিল, পেশাদার ফুটবলারদের স্নায়ুক্ষয়জনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় সাড়ে তিন গুণ বেশি।



