সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

ডিসি এবং লালপুরে ইউএনও প্রত্যাহার

নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বরকত উল্লাহকে প্রত্যাহার করা হয়েছে। পৃথক আদেশে তাদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে গত মঙ্গলবার এ-সংক্রান্ত এক আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে নতুন কর্মস্থলে সংযুক্ত করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা আদেশ দু’টি অবিলম্বে কার্যকর হবে। তবে প্রত্যাহারের পর তাদের পরবর্তী পদায়ন কোথায় হবে, সে বিষয়ে আদেশে কিছু বলা হয়নি। সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। নাটোর প্রতিনিধি।

সেরা মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা

পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য চাষ ও মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা তিন মৎস্য উদ্যোক্তাকে সম্মাননা ও ক্রেস্ট দেয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান। উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। ইউএনও মো: আসাদুজ্জামান বলেন, মৎস্য চাষ শুধু পেশা নয়, অর্থনীতি ও খাদ্যনিরাপত্তারও গুরুত্বপূর্ণ অংশ। নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে যারা সফল হয়েছেন, তাদের সম্মাননা অন্য উদ্যোক্তাদের উৎসাহিত করবে। মৎস্য খাতের উন্নয়নে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।

গোপালগঞ্জে ২ মাদক কারবারি গ্রেফতার

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, মাদক বিক্রির চার লাখ ৫৫ হাজার টাকা ও একটি বিলাসবহুল গাড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার ভোর ৪টার দিকে জেলা শহরের এলজিইডি মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সাদা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে গোপালগঞ্জের শীর্ষ মাদক কারবারি উজ্জল মোল্লা ও তার সহযোগী ওয়াসিম মোল্লাকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে পাঁচ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে গাড়িতে থাকা লাগেজ থেকে আরো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। পুলিশ সুপার আরো জানান, মাদক পরিবহনে ব্যবহৃত বিলাসবহুল গাড়িটিও জব্দ করা হয়েছে। কক্সবাজার থেকে ব্যক্তিগত গাড়িতে করে এসব মাদক গোপালগঞ্জে নিয়ে আসা হচ্ছিল। গোপালগঞ্জ প্রতিনিধি।

ঝালকাঠিতে খাল পরিষ্কার অভিযান

ঝালকাঠি পৌরসভায় শুরু হয়েছে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। শহরের ৯টি খাল পর্যায়ক্রমে পরিষ্কার করে পানি প্রবাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকালে পূর্ব চাঁদকাঠি ভিআইপি সড়কসংলগ্ন খাল পরিষ্কারের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না। এ সময় পৌর কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। পৌরসভা সূত্রে জানা গেছে, পরিস্কার কর্মসূচির পাশাপাশি খাল ও ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক রাখার কার্যক্রমও চলবে। পৌর প্রশাসক বাসাবাড়ির ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্ধারিত স্থানে রাখার আহ্বান জানিয়ে বলেন, এ অভিযান পর্যায়ক্রমে চলতে থাকবে। ঝালকাঠি প্রতিনিধি।

চুয়াডাঙ্গায় সফট স্কিলস প্রশিক্ষণ শুরু

চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুল নাহার। উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাঈদ আল হাসান। সমাজে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ ও স্বাবলম্বী করতে দেশের প্রতিটি উপজেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মাঠপর্যায়ে জরিপের মাধ্যমে নির্বাচিত পেশাজীবীদের এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ চলাকালে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রতিদিন এক হাজার টাকা সম্মানী দেয়া হবে। প্রশিক্ষণ শেষে সনদের পাশাপাশি প্রত্যেকে ১৮ হাজার টাকা ভাতা পাবেন। ছয় মাস পর তাদের দক্ষতা মূল্যায়নে ফলোআপ প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকবে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

ঝালকাঠিতে নৌযান শুমারি শুরু

ঝালকাঠিতে নৌযান শুমারি-২০২৬ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন। এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা: মোহাম্মদ হুমায়ুন কবীর, জেলা পরিসংখ্যান অধিদফতরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) খালেদ রাশেদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও নৌপরিবহন অধিদফতরের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো দেশব্যাপী এ শুমারি পরিচালিত হচ্ছে। শুমারির আওতায় সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের সংখ্যা, ধরন ও কাঠামোগত বৈশিষ্ট্যের তথ্য সংগ্রহ করে সমন্বিত ডাটাবেইজ তৈরি করা হবে। জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত মূল তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। মাঠপর্যায়ে সিএপিআই পদ্ধতিতে তথ্য সংগ্রহের পাশাপাশি জিপিএস লোকেশন ট্র্যাকিং ও রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে কার্যক্রম তদারক করা হবে। ঝালকাঠি প্রতিনিধি।

অস্ত্রসহ ছোট নিশান গ্রেফতার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র ও গুলিসহ মো: নিশান ওরফে ছোট নিশান (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে দুপুরে চন্দ্রগঞ্জের পোদ্দার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ছোট নিশানকে আটক এবং তাকে তল্লাশি করে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও একটি ফোল্ডিং নাইফ জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জুলাই গণ-অভ্যুত্থানের সময় চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হয়েছিল। র‌্যাব জানায়, নিশানের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। আইনানুগ ব্যবস্থা শেষে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। লক্ষ্মীপুর প্রতিনিধি।

গোয়ালন্দে ৪০ বস্তা ইউরিয়া জব্দ

রাজবাড়ীর গোয়ালন্দে অন্যত্র পাচারের সময় ৪০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুনতাসীর মামুন খান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হায়দারও উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত এলাকার বাইরে সার পরিবহনের অভিযোগে মহাসড়ক থেকে সারগুলো জব্দ এবং সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ডিলার খন্দকার ফারুককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, দৌলতদিয়া ইউনিয়নের কৃষকদের কাছে সার বিক্রির কথা থাকলেও ডিলার অন্য এলাকায় সার নিয়ে যাচ্ছিলেন। গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা।