সিটি আইটি মেগা ফেয়ার শুরু হচ্ছে সোমবার

Printed Edition
সিটি আইটি মেগা ফেয়ার শুরু হচ্ছে সোমবার
সিটি আইটি মেগা ফেয়ার শুরু হচ্ছে সোমবার

প্রযুক্তি ডেস্ক

সময়ের সাথে তথ্যপ্রযুক্তির উদ্ভাবন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। সর্বশেষ বাজারে আসা নানা ধরনের প্রযুক্তিপণ্যের সাথে তরুণদের পরিচয় করিয়ে দিতে রাজধানীতে আয়োজন করা হচ্ছে সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫। আগামী ৮ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে দেশের বৃহত্তম এই প্রযুক্তিপণ্যের মেলা অনুষ্ঠিত হবে। ছয় দিনব্যাপী মেলায় অংশ নেবে বিশ্বখ্যাত বিভিন্ন প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড। মেলায় যেকোনো প্রযুক্তিপণ্য কিনলেই থাকবে আকর্ষণীয় মূল্যছাড় ও পুরস্কার।

বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট আকতার হোসেন খান জানান, এবারের মেলাজুড়ে থাকবে সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও সিসি ক্যামেরাসহ নিত্যনতুন প্রযুক্তিপণ্যের সমাহার। মেলায় কেনাকাটায় ছাড়ের পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকবে নানা ধরনের আয়োজন। শিশু-কিশোরদের জন্য থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য।

সিটি আইটি মেগা ফেয়ারের আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া জানান, দেশের বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা সিটি আইটি মেগা ফেয়ার উপলক্ষ্যে মার্কেটজুড়েই থাকবে নানা ধরনের অফার-মূল্যছাড়। এবারের ফেয়ারে স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন এবং পার্টিসিপেন্ট স্টল থাকবে। মেলার পৃষ্ঠপোষক হিসেবে থাকছে আসুস, এপসন, এইচপি, এলডিনিও, লেনোভো, এমএসআই এবং টিপি-লিংকের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড। মেলায় অংশগ্রহণ করা স্টলগুলোর মধ্যে থাকছে চুউই ল্যাপটপ, প্যান্টাম, ডেল, ওয়ালটন কম্পিউটার, ডিপকুল, এসার, বি-ট্র্যাক, টি অ্যান্ড ভি, কিউডি, রাপু, ভেনশনের মতো ব্র্যান্ড। মেলার চিত্রাঙ্কন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক গিগাবাইট।

প্রতি বছরের মতো এবারো মেলায় ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার, দর্শনার্থীদের জন্য মেগা ডিসকাউন্ট, নিশ্চিত উপহার, ক্যাশব্যাক, স্ক্র্যাচ অ্যান্ড উইন, টেক সেলিব্রেটি আড্ডাসহ সঠিক পণ্যের নিশ্চয়তাসহ নিশ্চিত ওয়ারেন্টি। এছাড়াও দর্শনার্থীদের জন্য প্রতিদিন থাকবে কনসার্ট ও র্যা ফেল ড্রয়ের আয়োজন।