নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জে এক ব্যবসায়ী এবং জামালপুর সদরে এক সহকারী জজ নিহত হয়েছেন।
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো: তাহের (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় টিঅ্যান্ডটি অফিসের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত তাহের উপজেলা পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাঁশারা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী এবং স্বজনরা জানিয়েছেন, তাহের উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী বাজারের ব্যবসায়ী। ব্যবসার উদ্দেশ্যে ডিজেল ক্রয় করতে সাইকেলযোগে তিনি ফরিদগঞ্জ পৌরসভার পেট্রলপাম্পে যাচ্ছিলেন। পথিমধ্যে টিঅ্যান্ডটি অফিসের সামনে রাস্তার মোড় ঘুরতে নিলে চাঁদপুর থেকে লক্ষ্মীপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ তার লাশ হেফাজতে নেয়।
জামালপুর প্রতিনিধি জানান, ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে জামালপুর সদর উপজেলার লাহিড়িকান্দি বাজারসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় জামালপুর জজ আদালতে কর্মরত (সহকারী জজ) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত সহকারী জজের গাড়িচালক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লাহিড়িকান্দি বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রিমিও প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান গাড়িতে থাকা সহকারী জজ সামিউল হক।
সোমবার ভোর আনুমনিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত-নিহত সহকারী জজের প্রাইভেটকার চালককে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নায়েবে আমিরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার কুমিল্লা-মিরপুর সড়কের চারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কুমিল্লা-মিরপুর সড়কের চারিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই যানবাহনে থাকা অন্তত ১০ জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
আহতরা হলেন, জামায়াতে ইসলামী ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নায়েবে আমির ও উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামের খন্দকার শাহজালাল ও তার স্ত্রী মমতাজ বেগম, ধান্যদৌল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রুহুল আমিন, শিদলাই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী জোহরা বেগম, চান মিয়ার ছেলে মনজুরুল ইসলাম, সাহেবাবাদ গ্রামের নিয়ত আলীর ছেলে আবদুল জলিল এবং দুলালপুর গ্রামের তাহরিন হোসেনের স্ত্রী শিল্পী আক্তার। তবে বাকি তিনজন অন্যত্র চিকিৎসা নেয়ায় তাদের নাম-পরিচয় জানা যায়নি।



