সালাহউদ্দিন আহমদকে গুম মামলায় জিয়াউল আহসান শ্যোন অ্যারেস্ট

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ ও গুমের পৃথক দু’টি মামলায় গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে বিএনপি নেতা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে (শ্যোন অ্যারেস্ট) কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে। একই সাথে জুলাই গণ-অভ্যুত্থানের হত্যাযজ্ঞের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ধনঞ্জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় মেজর জেনারেল (অব:) জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। একই সাথে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো: শফিউল আলম মাহমুদ ও বিচারক মো: মোহিতুল হক এনাম চৌধুরী। সকালে কারাগার থেকে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হলে প্রসিকিউশন পক্ষ তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো এবং তদন্তের জন্য দুই মাস সময় দেয়ার আবেদন জানান। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, প্রসিকিউটর শাইখ মাহদী ও তাসমিরুল ইসলাম।

২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরা থেকে অপহৃত হন সালাহউদ্দিন আহমদ। দুই মাস পর ভারতের মেঘালয়ের শিলংয়ে তার সন্ধান মেলে। পরবর্তীতে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে ২০২৫ সালের ৩ জুন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক দুই আইজিপি বেনজীর আহমেদ ও একেএম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, জিয়াউল আহসান ও সিটিটিসির সাবেক প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ জমা দেন তিনি।

ধনঞ্জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়া হয়েছে।