ইউরোপের বুকে একটি সুন্দর কর্মসংস্থানের স্বপ্ন দেখেন বাংলাদেশের কোটি তরুণ-তরুণী। তবে এই সোনালি স্বপ্নের পেছনে রয়েছে কিছু অন্ধকার বাস্তবতা। প্রতিনিয়ত শত শত যুবক জমি-জমা বেচে দালালের খপ্পরে পড়ছেন, আবার কেউ কেউ ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অকালে প্রাণ হারাচ্ছেন। চিরচেনা এই প্রতারণার বৃত্ত ভেঙে এবার সম্পূর্ণ নিরাপদ, আইনি ও স্বচ্ছ প্রক্রিয়ায় ইউরোপের দেশ মলদোভায় দক্ষ কর্মী পাঠানোর এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) এর ৩০০ জন শহর প্রতিরক্ষা দল (টিডিপি) নারী সদস্যের ভাগ্য বদলের এই বাছাই কার্যক্রম শুরু হয়েছে।
এই উদ্যোগের পেছনে রয়েছে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দূরদর্শী নেতৃত্ব ও পরিকল্পনা। দালালের দৌরাত্ম্য রুখতে এবং শতভাগ মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করতে গঠন করা হয়েছে পাঁচটি শক্তিশালী বাছাই কমিটি। ন্যূনতম অনিয়মের সুযোগ বন্ধ করতে এই কমিটিগুলো সর্বোচ্চ স্বচ্ছতার সাথে প্রতিটি ধাপ তদারকি করছে। বাহিনীর সদর দফতরে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে এই দক্ষ মানবসম্পদ নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
গতকাল বুধবার বাছাই কার্যক্রমের প্রথম ধাপে ঢাকা মহানগর আনসার উত্তর ও পূর্ব জোনের প্রাথমিক বাছাইয়ে যোগ্য ১৩৯ জন টিডিপি নারী সদস্য অংশ নেন। বিদেশ গমনেচ্ছুক এই প্রার্থীরা বাহিনীর সদর দফতর কর্তৃক নির্ধারিত ‘স্বঘোষণা’ ফর্মে স্বাক্ষর করেন। এরপর শুরু হয় মূল পরীক্ষা। প্রথাগত কাগজ-কলমের পরীক্ষার বদলে এখানে গুরুত্ব পেয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। পরীক্ষা কক্ষে দায়িত্বরত পরীক্ষা নিয়ন্ত্রকদের কড়া নজরদারিতে প্রার্থীরা নিজ নিজ স্মার্টফোনের জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে সরাসরি ‘গুগল ফর্ম’-এর মাধ্যমে লাইভ লিখিত পরীক্ষায় অংশ নেন।
এ ছাড়া প্রার্থীদের নিখুঁতভাবে ওজন ও উচ্চতা পরিমাপসহ যাবতীয় শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। এরপর সম্মিলিত পাঁচটি কমিটির জুরি বোর্ডের সামনে সরাসরি ইন্টারভিউ বা সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন প্রার্থীরা। আধুনিক এই নির্বাচনী প্রক্রিয়ার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, প্রার্থীদের প্রতিটি ধাপের পরীক্ষার মূল্যায়নের জন্য একটি বিশেষায়িত সফটওয়্যারে ইনপুট করা হচ্ছে। ফলে কোনো রকম মানুষের হস্তক্ষেপ বা কারচুপি ছাড়াই সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে মেধা তালিকা ও মূল্যায়ন মান প্রস্তুত করছে।
ঢাকা মহানগর আনসার উত্তর ও পূর্ব জোনের সফল বাছাই পর্ব শেষে, এর ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় ধাপে অংশ নিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ ও পশ্চিম জোনের আরো ১৬১ জন টিডিপি নারী সদস্য। একই পদ্ধতিতে সম্পূর্ণ কড়া নজরদারিতে গুগল ফর্মের মাধ্যমে লাইভ পরীক্ষা এবং জুরি বোর্ডের মুখোমুখি হচ্ছেন প্রার্থীরা। পুরো আয়োজনের মূল ভিত্তি হচ্ছে ‘বাছাইয়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতকরণ’। বিজ্ঞপ্তি।



