কক্সবাজার অফিস
নিরাপদ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং গণহত্যার বিচার দাবিতে কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে হাজারো রোহিঙ্গার অংশগ্রহণে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
সঙ্কটের ৯ বছর পূর্তি ও ‘জেনোসাইড ডে’ উপলক্ষে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বিশেষ সমাবেশ কর্মসূচি পালন করে রোহিঙ্গারা। নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে সকাল থেকেই বিভিন্ন ব্লক থেকে নারী-পুরুষ ও শিশুরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে। তাদের মুখে একই সুর-‘আর নয় শরণার্থী জীবন, নিজ দেশে ফিরতে চাই’। সমাবেশে মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। মিয়ানমারের ১৯৮২ সালের নাগরিকত্ব আইন বাতিল এবং রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি দাবি করেন তারা।
২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে ব্যাপকভাবে শুরু হওয়া রোহিঙ্গা সঙ্কটের ৯ বছর পূর্ণ হলো এই দিনে। এই দীর্ঘ সময়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নেয়া হলেও বাস্তবে টেকসই প্রত্যাবাসন সম্ভব হয়নি। সম্প্রতি মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের মধ্য থেকে প্রায় এক লাখ ৯ হাজারকে রাখাইনের অধিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে; তবে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু হবে না।
এ দিকে রোহিঙ্গারা স্পষ্ট জানিয়েছেন, নাগরিকত্বের স্বীকৃতি, নিরাপত্তার নিশ্চয়তা এবং নিজ ভিটেমাটিতে ফেরার অধিকার নিশ্চিত করেই তারা মাতৃভূমি রাখাইনে ফিরতে চান। সঙ্কটের নবম বর্ষপূর্তিতে গতকালের সমাবেশ থেকে আন্তর্জাতিক মহলের প্রতি টেকসই প্রত্যাবাসন জোরদারের আকুল আবেদন জানিয়েছেন তারা।



