ছাদে অসময়ের কালো তরমুজ ফলিয়ে চমক সেলিমের

Printed Edition
ছাদে অসময়ের কালো তরমুজ ফলিয়ে চমক সেলিমের
ছাদে অসময়ের কালো তরমুজ ফলিয়ে চমক সেলিমের

এইচ এম হুমায়ুন কবির কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় এবার ছাদে অসময়ে ‘ব্ল্যাক বেবি’ জাতের কালো তরমুজ চাষ করে সাফলতা পেয়েছেন কৃষক মো: সেলিম গাজী। ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের নিজ বাড়ির ছাদে মাচা তৈরি করে পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে তিনি এ তরমুজ চাষ করেন। মাচায় থোকায় থোকায় ঝুলছে কালো রঙের তরমুজ। নতুন ধরনের এ তরমুজ দেখতে প্রতিদিনই বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।

সেলিম গাজী জানান, বাড়ির ছাদে বস্তায় মাটি ও গোবরের সার দিয়ে পলিথিনে প্রথমে তরমুজের বীজ থেকে চারা তৈরি করেন। পরে ৫০টি বস্তায় চারা রোপণ করেন। শুরুতে বৃষ্টিতে ২৫টি চারা নষ্ট হয়ে যায়। বেঁচে থাকা ২৫টি গাছে তিনি প্রায় ৪০টি তরমুজ পেয়েছেন। চারা বড় হওয়ার পর বাঁশ ও সুতা দিয়ে মাচা তৈরি করে গাছ ওপরে তুলে দেন। তরমুজের ভারসাম্য রক্ষায় প্রতিটি ফল জাল দিয়ে মাচায় ঝুলিয়ে রাখা হয়।

সেলিম গাজী বলেন, জ্যৈষ্ঠ মাসে তিনি চারা রোপণ করেছিলেন। অনলাইনে বীজ কেনার পাশাপাশি ইউটিউব দেখে তরমুজ চাষ, সার ও রোগবালাই দমনের বিষয়ে ধারণা নেন। তরমুজ, শসা, করলা ও লাউ চাষে তিনি প্রায় সাত হাজার টাকা বিনিয়োগ করেছেন। তরমুজ চাষ শেষ হলে ৫০টি জিওব্যাগে আবার চাষ করার পরিকল্পনা রয়েছে তার।

সরজমিনে দেখা যায়, ছাদের ওপর চার আকৃতির মাচা তৈরি করা হয়েছে। সবুজ লতাপাতার আড়ালে ঝুলছে কালো রঙের ছোট-বড় তরমুজ। ফলের ভারে কোথাও কোথাও মাচা নুয়ে পড়েছে। পোকামাকড় দমনে ব্যবহার করা হয়েছে ফেরোমন ফাঁদ। ছাদে তরমুজের এমন ফলন দেখতে আশপাশের লোকজন এখন ভিড় করছেন।

সেলিম গাজী বলেন, শুরুতে খরচ কিছুটা বেশি হলেও পরবর্তী সময়ে পরিচর্যার খরচ কমিয়ে আনা হবে। ছাদে চাষ হওয়ায় আগাছা পরিষ্কারের ঝামেলা নেই। একবার মাচা তৈরি করে দিলে পরবর্তী সময়ে তা ব্যবহার করা যায়। তার সাফল্য দেখে এলাকার অনেক কৃষক এ জাতের তরমুজ চাষে আগ্রহী হয়ে ওঠছেন।

স্থানীয় বাসিন্দা ইদ্রিস গাজী বলেন, সেলিম গাজী অত্যন্ত পরিশ্রমী কৃষক। তিনি এলাকায় বিষমুক্ত সবজি ও বিভিন্ন ফসল চাষ করে থাকেন। তার এই উদ্যোগ প্রমাণ করেছে, অল্প জায়গাতেও পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে কৃষিতে সফলতা অর্জন করা সম্ভব।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরাফাত হোসেন বলেন, বর্ষা মৌসুমে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ ভালো হয়। বস্তায় চাষ করলে অতিরিক্ত বৃষ্টিতে বস্তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। ছাদে মাচা তৈরি করে তরমুজ চাষের এ উদ্যোগ প্রশংসনীয়। তরমুজ লাভজনক ফসল হওয়ায় উপযুক্ত পদ্ধতিতে চাষ করলে কৃষকরা লাভবান হতে পারেন।