শিক্ষার্থীবান্ধব ১৩ দফা বাস্তবায়নের দাবি জাকসুর

Printed Edition

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিতব্য একাডেমিক কাউন্সিলে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেয়া এবং ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরনো রেজিস্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

জাকসুর ১৩ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো মাস্টার্স পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের জন্য গবেষণা বৃত্তি চালু, আন্তর্জাতিক জার্নাল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রাতিষ্ঠানিক প্রবেশাধিকার নিশ্চিত করা, সেশনজট নিরসনে কার্যকর একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও দ্রুত ফলাফল প্রকাশ, প্রাতিষ্ঠানিক ই-মেইলের মেয়াদ বৃদ্ধি, শিক্ষার্থীদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের সুযোগ সৃষ্টি এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে যন্ত্রপাতিভিত্তিক সার্টিফিকেট কোর্স চালু করা। এ ছাড়াও বিভিন্ন বিভাগে শিক্ষক ও পরীক্ষানিয়ন্ত্রক অফিসে জনবল সঙ্কট নিরসন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শ্রুতিলেখক অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ, মানোন্নয়ন পরীক্ষায় জিপিএ ৩.২৫ পর্যন্ত অংশগ্রহণের সুযোগ, চূড়ান্ত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন প্রক্রিয়া চালু, বিশেষ পরিস্থিতিতে অনার্স চূড়ান্ত বর্ষের বিশেষ পরীক্ষা নেয়ার সুযোগ, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু এবং চূড়ান্ত পরীক্ষার সময়সূচি ১২টা থেকে কমিয়ে ১০টায় আনার দাবি জানানো হয়।