বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমা ও থানচির সীমান্ত এলাকায় নতুন একটি সশস্ত্র গ্রুপের তৎপরতা ঘিরে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেয়ার একটি ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে প্রশাসন নড়েচড়ে বসেছে।
সোমবার কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বান্দরবানের রুমা উপজেলার পর্যটনকেন্দ্র বগালেক, কেওক্রাডং ও থানচির তিন্দু রেমাক্রি বন্ধ করে দেয়ার জেলা প্রশাসনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে দেয়। এ খবর গতকাল জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস স্বাক্ষরিত জারি করা এক গণ বিজ্ঞপ্তিতে বলা হয় পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেয়ার কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি প্রশাসন থেকে। এ ছাড়া ভুয়া বিজ্ঞপ্তিতে সাজ্জাদ হোসেন নামের যে কর্মকর্তার স্বাক্ষর রয়েছে এই নামে কোনো কর্মকর্তা জেলা প্রশাসনে কর্মরত নেই বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি বান্দরবানের থানচি উপজেলা সীমান্তসংলগ্ন মিয়ানমারের চিন এস্টেটের একটি সশস্ত্র বিদ্রোহী গ্রুপ বান্দরবানের দুর্গম এলাকায় তৎপরতা চালাচ্ছে। জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস জানিয়েছেন, বান্দরবানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পর্যটকরা বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারছেন। পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।



