বিবিসি
৪৭ বছর পর সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের মদদদাতা’ দেশের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সোমবার এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এর মাধ্যমে সিরিয়ার বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতিতে দেশটির ঘুরে দাঁড়ানোর প্রধান অন্তরায় দূর হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ প্রতিহত করতে নতুন সিরিয়া সরকারের নেয়া ইতিবাচক পদক্ষেপের স্বীকৃতি হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই পদক্ষেপে আনন্দ প্রকাশ করে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-সাইবানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানাকে বলেন, এই ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ সিরিয়ার দীর্ঘদিনের বৈশ্বিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠতে সাহায্য করবে। অন্যদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মনে করেন, নতুন এই সিদ্ধান্তের ফলে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার হবে এবং বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত হবে। ২০২৪ সালের শেষের দিকে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আহমেদ আল-শারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানালেও অতীতে পরিস্থিতি ভিন্ন ছিল। একসময় মার্কিন তালিকায় আহমেদ আল-শারাকে ‘জঙ্গি’ হিসেবে চিহ্নিত করে তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল।



