নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল দেশের চার জেলায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের রামপালে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। শুক্রবার দুপুরে খুলনা মোংলা মহাসড়কের তেঁতুলিয়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো: এমরান হোসেন জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস মহাসড়কের তেঁতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত হয় সাতজন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মালবাহী ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ দু’জন নিহত হয়েছে। শুক্রবার সকালে সরাইল নাসিরনগর সড়কের বড্ডাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নাসিরনগর হয়ে হবিগঞ্জগামী একটি মালবাহী ট্রাক বড্ডাপাড়া আলিয়া মাদরাসার সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন। তাৎক্ষণিক নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
সরাইল থানার ওসি মো: মোরশেদুল আলম চৌধুরী বলেন, লাশ দু’টি উদ্ধার করা হয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালী সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে অটোরিকশা আরোহী তানু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম ও মামা মিল্লাতসহ তিন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুরে সোনাপুর-মাইজদী সড়কের উত্তর সোনাপুরে কারামতিয়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার দুপচাঁচিয়ায় ঢাকাগামী কোচের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক জুলাইযোদ্ধা মিল্টন আহমেদ লাদেন (২২) মারা গেছেন। ৭ নভেম্বর শুক্রবার দুপুর ১২টায় বগুড়া-নওগাঁ সড়কের তেলিগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন লাদেন মোটরসাইকেল নিয়ে নওগাঁ অভিমুখে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী কোচের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লাদেন ছিটকে রাস্তার ওপর পড়ে গেলে কোচটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পরপরই কোচটি ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



