আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
ঢাকার আশুলিয়ায় রোকিয়া বেগম (৬৩) নামে এক বিধবার জমি দখলের অভিযোগ উঠেছে কয়েকজন স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। বিধবার জমির একটি অংশে বেড়া নির্মাণ করায় তিনি স্বামীর রেখে যাওয়া ভিটেমাটি হারানোর শঙ্কায় রয়েছেন। এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
গতকাল শনিবার সকালে আশুলিয়ার কবিরপুর দেওয়ানপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এ তথ্য জানা যায়। এর আগে শুক্রবার সকালে অভিযুক্তরা বাঁশ ও কাঁটাযুক্ত বেড়া দিয়ে জমির একটি অংশ ঘিরে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।
রোকিয়া বেগম জানান, চার বছর আগে তার স্বামী মারা যাওয়ার পর থেকেই এলাকার আব্দুল জলিল, মামুন, মোহাম্মদ আলী শিকদার, খলিলুর রহমান ও আজগর আলী তার স্বামীর রেখে যাওয়া ৭৯ শতাংশ জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। জমিটি কবিরপুর মৌজার বিভিন্ন সিএস, এসএ, আরএস ও বিএস দাগভুক্ত বলে তিনি দাবি করেন।
তার অভিযোগ ২০২৫ সালের ২২ আগস্ট অভিযুক্তরা দা ও লাঠিসোঁটা নিয়ে জমিতে গিয়ে ভাঙচুর চালায় এবং সেখানে সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করে। সর্বশেষ গত ১০ জুন জমিটি দখলের উদ্দেশ্যে পুরো এলাকায় বেড়া নির্মাণ করা হয়। এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৮২৪) করেন।
ভুক্তভোগী বলেন, তার কোনো সন্তান না থাকায় প্রতিপক্ষরা এ সুযোগে জমি দখলের চেষ্টা করছে। ফলে তিনি দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা হালিম অভিযোগ করেন, নতুন করে বেড়া দেয়ার কারণে তাদের চলাচলের পথও বন্ধ হয়ে গেছে। এতে তারা কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আসাদ বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে বেড়া দেয়ার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, অভিযোগগুলোর বিষয়ে এখনো প্রশাসনিক বা আদালতের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।



