নয়া দিগন্ত ডেস্ক
গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে মানে দেবতাদের সম্পদ চুরির মন্দিরটি তহবিল তছরুপের অভিযোগে জর্জরিত, যা প্রধানমন্ত্রী মোদির সরকারকে বিব্রত করছে। উত্তর ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দিরের দিকে মুখ করে থাকা নিজের বাড়ির ছাদে একাকী বসার জন্য ব্রজেশ কুমার প্রতিদিন সন্ধ্যায় তিন তলা বেয়ে ওঠেন।
কয়েক দশক ধরে, এই ৬৫ বছর বয়সী ব্যক্তি একদা শান্ত শহরটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সমর্থিত হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদী আন্দোলনের সবচেয়ে বড় সঙ্ঘাতের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হতে দেখেছেন। যেখানে মন্দিরটি দাঁড়িয়ে আছে, সেখানে এক সময় ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদ ছিল, কিন্তু ১৯৯২ সালে উগ্রহিন্দু জনতা সেটি ভেঙে ফেলে, যার ফলে ভারতজুড়ে ধর্মীয় দাঙ্গা শুরু হয় এবং এতে প্রায় দুই হাজার মানুষ নিহত হন, যাদের বেশির ভাগই ছিলেন মুসলমান।
আড়াই বছর আগে, মোদি হিন্দু দেবতা রামের উদ্দেশ্যে উৎসর্গীকৃত নতুন মন্দিরের অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন। অনেক হিন্দু বিশ্বাস করেন যে, ধার্মিকতার প্রতিমূর্তি হিসেবে পূজিত দেবতা রামের জন্ম সেখানেই হয়েছিল। কুমারের মতো হিন্দু ভক্তদের কাছে, কিছু দিন আগে পর্যন্ত মন্দিরটির জন্মকে ঘিরে থাকা বিতর্ক ও মৃত্যু সত্ত্বেও এক ধরনের প্রশান্তি এনে দিত।
গত এক মাস ধরে, মন্দিরটি এই অভিযোগে জড়িয়ে পড়েছে যে, এর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিরা ভক্তদের কাছ থেকে পাওয়া সম্ভাব্য লাখ লাখ লাখ ডলারের অনুদান আত্মসাৎ করেছেন। কুমার আল জাজিরাকে বলেন, “আমরা [ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দ্বারা] প্রতারিত হয়েছি, তারা আমাদের বিশ্বাসকে লুট করেছে, এর চেয়ে কম কিছু নয়। তাদের হাতে ছেড়ে দিলে, তারা একদিন ধর্মের নামে আমাদের সবাইকে বিক্রি করে দেবে এবং নিজেদের পকেট ভরবে।”
এই অভিযোগগুলোর ফলে পুলিশি তদন্ত, গ্রেফতার ও রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যা ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারে। অযোধ্যার কলুষতা
শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট নামে একটি স্বাধীন ট্রাস্ট এই তীর্থস্থানটি পরিচালনা করে। যদিও এটি সরকারের আওতার বাইরে, এর কার্যনির্বাহী সদস্যরা রাজনৈতিক প্রভাব বিস্তার করেন এবং তাদের মধ্যে কয়েকজন বিজেপির আদর্শিক উৎস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদস্য।
এই মাসে ট্রাস্টের হিসাবরক্ষণ দলের প্রাক্তন সুপারভাইজার মহিপাল সিং প্রকাশ্যে অনিয়মের কথা তুলে ধরার পর দুর্নীতির অভিযোগ প্রথম সামনে আসে। মন্তব্যের জন্য আলজাজিরা তার সাথে যোগাযোগ করতে পারেনি।
জনরোষের পর, বিরোধী সমাজবাদী পার্টির উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বিষয়টি তুলে ধরেন এবং অভিযোগ করেন যে লাখ লাখ টাকার অনুদান গায়েব হয়ে গেছে। ক্রমবর্ধমান চাপে বিজেপি-শাসিত রাজ্য সরকার একটি তিন সদস্যের তদন্তকারী দল গঠন করতে বাধ্য হয়, যারা অনুদান আত্মসাতের অভিযোগের বিষয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে।
যদিও প্রতিবেদনের বিষয়বস্তু জনসমক্ষে প্রকাশ করা হয়নি, রাজ্য পুলিশ একটি ফৌজদারি মামলা দায়ের করেছে এবং মন্দিরে নগদ টাকা ও মূল্যবান নৈবেদ্য গণনার সাথে জড়িত ব্যক্তিসহ অন্তত আটজনকে গ্রেফতার করেছে। এরপর আরো ভক্ত এগিয়ে এসেছেন, ট্রাস্টের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা তাদের মূল্যবান জিনিসপত্র, যার মধ্যে রুপোর ইট, সোনার গয়না এবং শিল্পকর্ম রয়েছে, সেগুলোর খোঁজ চেয়ে।
শুক্রবার, ট্রাস্টের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক চম্পত রায় অন্যান্য উচ্চপদস্থ ট্রাস্টিদের সাথে পদত্যাগ করেছেন। রামমন্দির আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হওয়ায় রায়ের বিরুদ্ধে অভিযোগগুলো বিশেষভাবে গুরুতর। কিন্তু এতে রাজ্যের উত্তেজনা প্রশমিত হয়নি, যেখানে কিছু বিজেপি সমর্থকসহ হাজার হাজার ভক্ত নিজেদের প্রতারিত মনে করছেন।
‘রামমন্দির চালাচ্ছে ধূর্ত চোরেরা’
১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার জন্য যাদের বিচার হয়েছিল, সন্তোষ দুবে তাদের মধ্যে একজন ছিলেন। তিনি তার ভূমিকা থেকে কখনো মুখ ফিরিয়ে নেননি, বরং তা জাহির করেছেন। মসজিদটি ভেঙে ফেলার পর, দুবে আদালতের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করছিলেন যে ওই জায়গাটির কী হবে, যেখানে উভয় পক্ষ কয়েক দশক ধরে তীব্রভাবে লড়াই করেছিল। ২০১৯ সালে, সুপ্রিম কোর্ট ওই জায়গাটি হিন্দুদেরকে প্রদান করে- যদিও আদালত মসজিদ ধ্বংসকে অবৈধ বলে ঘোষণা করেছিল। শীর্ষ আদালত অযোধ্যার বাইরে মুসলমানদের একটি নতুন মসজিদ নির্মাণের জন্য এক খণ্ড জমি দেয়। ২০২০ সালে, মসজিদ ভাঙার ঘটনায় অভিযুক্ত দুবে এবং অন্যান্যরা খালাস পান আদালত পর্যাপ্ত প্রমাণের অভাবের কথা উল্লেখ করে।
যদি সেই রায়গুলো দুবের কাছে ন্যায়বিচারের মতো মনে হয়ে থাকে, তবে মন্দিরে কথিত আত্মসাতের ঘটনা তাকে ক্ষুব্ধ করেছে। দুবে আলজাজিরাকে বলেন, এই দুর্নীতি আমাকে গভীর যন্ত্রণা দেয়, এমন এক বেদনা যা ভাষায় প্রকাশ করা যায় না, অযোধ্যা থেকে আমি শুধু এটুকুই বলতে পারি যে, তাদের জন্য মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই যথেষ্ট হবে না। ধূর্ত, অসৎ এবং নির্মম চোরেরা রামমন্দির চালাচ্ছে এবং তারা এমন এক ভয়ের পরিবেশ তৈরি করেছে যে কেউই তাদের বিরুদ্ধে মুখ খুলতে রাজি নয়। দুবে বলেন, ভক্তদের এই ক্ষোভকে উপেক্ষা করা সরকারের জন্য কঠিন হবে, কারণ এই ঘটনাটি বিজেপির সেই বয়ানকে আঘাত করেছে যে তারা হিন্দু ধর্মের রক্ষাকর্তা। মন্দির ট্রাস্ট এই প্রথমবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসেনি। ২০২১ সালে, ট্রাস্টটি জনগণের অনুদান ব্যবহার করে অত্যন্ত চড়া দামে জমি কিনেছিল বলে অভিযোগ ওঠে। আলজাজিরা বিজেপির মুখপাত্রদের সাথে যোগাযোগ করলে তারা সাম্প্রতিক অভিযোগগুলো নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
‘আসন্ন নির্বাচনে প্রভাব’
মন্দিরের ভক্ত ও সরকারের সমালোচকরা কর্তৃপক্ষকে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার জন্য অভিযুক্ত করছেন। বিরোধীদলীয় নেতা যাদব এই মামলাটির ব্যাপারে রাজ্য সরকারের প্রাথমিক পদক্ষেপকে “সন্দেহজনক” বলে বর্ণনা করেছেন। তদন্তে স্বচ্ছতার দাবি জানিয়ে যাদব বলেন, “সরকার মন্দিরের টাকা গণনার সাথে জড়িত কর্মীদের গ্রেফতার করছে, অথচ এই কাঠামোগত দুর্নীতির নেপথ্যে থাকা বড় কর্তাদের আড়াল করছে।” রামমন্দির আন্দোলনের সাথে যুক্ত একজন বিশিষ্ট হিন্দু সাধু কারপাত্রী মহারাজ আলজাজিরাকে বলেছেন যে, সরকার কনিষ্ঠ কর্মচারীদের বলীর পাঠা বানিয়ে তাদের গ্রেফতার করছে।
ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তর প্রদেশের নেতৃত্বে রয়েছেন তেজস্বী হিন্দু সন্ন্যাসী থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া যোগী আদিত্যনাথ, যাকে আরএসএস-নেতৃত্বাধীন হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদী আন্দোলনের মধ্যে মোদির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়।
২০২৪ সালের জাতীয় নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়ায় রাজ্যে মোদির দল একটি উল্লেখযোগ্য ভিত্তি হারায়, যার ফলে ক্ষমতায় টিকে থাকার জন্য দলটিকে মিত্রদের সমর্থনের ওপর নির্ভর করতে হয়। রাজনৈতিক বিশ্লেষক রশীদ কিদওয়াই বলেন, বিজেপির জন্য, যারা দীর্ঘদিন ধরে রামমন্দিরের প্রচারণাকে একটি প্রধান রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে, আগামী বছরের শুরুতে উত্তর প্রদেশে নির্ধারিত নির্বাচনের আগে এই নতুন বিতর্কটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কিদওয়াই আলজাজিরাকে বলেন, “যদি আরো ধর্মীয় নেতারা এই বিষয়ে কথা বলতে এগিয়ে আসেন, তবে এটি বিজেপির ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে।” তিনি বলেন, “ধর্মীয় আবেগকে প্রশ্রয় দেয়া এবং বিভেদ উস্কে দেয়া উল্টো ফল দিতে পারে। কিদওয়াই বলেন, “যা এই বছরগুলোতে বিজেপির উপকারে এসেছে, তা ব্যাপক ক্ষতিও করতে পারে।”



