টিএইচই ইমপ্যাক্ট র‌্যাংকিংয়ে ১ বছরে ৪০০ ধাপ এগিয়েছে গাকৃবি

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনে নতুন মাইলফলক অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাংকিং-২০২৬-এ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। একই সাথে বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ৪০১-৬০০তম অবস্থানে উঠে এসেছে গাকৃবি।

গতকাল টিএইচই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র‌্যাংকিং প্রকাশ করে। এবারের মূল্যায়নে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের এক হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। বাংলাদেশ থেকে মোট ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান পেয়েছে।

জাতিসঙ্ঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সামাজিক দায়বদ্ধতা ও সামগ্রিক অবদানের ভিত্তিতে এ র‌্যাংকিং তৈরি করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি) সূচকে গাকৃবি ৭৪ দশমিক ৮ স্কোর নিয়ে বিশ্বের ৮২তম অবস্থানে রয়েছে। এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৭৮ দশমিক ৩ স্কোর পেয়ে বৈশ্বিকভাবে ৬৬তম স্থান অর্জন করেছে। এ ছাড়া এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে ৬৮ দশমিক ৫ থেকে ৭৪ দশমিক ৫ স্কোর নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ১০১-২০০তম অবস্থানের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছর টিএইচই ইমপ্যাক্ট র‌্যাংকিংয়ে যেখানে গাকৃবির অবস্থান ছিল বৈশ্বিকভাবে ৮০১-১০০০তম, সেখানে মাত্র এক বছরের ব্যবধানে ৪০১-৬০০তম অবস্থানে উঠে এসেছে। এ অগ্রগতি বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক উৎকর্ষ, গবেষণা সক্ষমতা, উদ্ভাবনী কার্যক্রম এবং টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে গাকৃবি ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, এই অর্জন শুধু একটি র‌্যাংকিংয়ের সাফল্য নয়- এটি শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। এই সাফল্য আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিকমানের শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব তৈরির মাধ্যমে দেশের উন্নয়ন এবং বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমরা আরো কার্যকর ভূমিকা রাখতে চাই।