খুলনা ওয়াসার ডিএমডির বিরুদ্ধে প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান পেশাজীবী পরিষদের

Printed Edition

খুলনা ব্যুরো

দুর্নীতিতে দণ্ডিত অ্যাব নেতা খুলনা ওয়াসার ডিএমডি শিরোনামে কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত একটি সিন্ডিকেটেড নিউজ প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ খুলনা শাখা। বিবৃতিতে বলা হয় একই হেডিং, ইন্ট্রো, নিউজ বডি এবং কনক্লুশনে ছাপা হওয়া এই রিপোর্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হীন অসৎ স্বার্থে করা হয়েছে। খুলনা ওয়াসার ডিএমডি হিসেবে নিয়োগ পাওয়া এ জনপদের সন্তান ও কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলকে বিতর্কিত ও অসম্মানিত করার হীন মানসে এসব মিথ্যাচার করা হয়েছে। তারা এহেন অপতৎপরতা বন্ধের জন্য জোর দাবি জানান এবং এ সংক্রান্ত যে কোনো প্রকাশের আগে সব তথ্য ভালোভাবে যাচাই বাছাই করার আহ্বান জানান। কোনো ঘটনার আংশিক প্রকাশ করে বাকি অংশ গোপন রাখাকে বস্তনিষ্ঠ সাংবাদিকতা নয়।

বিবৃতিদাতারা হলেন- পরিষদের আহ্বায়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজহারুল হান্নান, সদস্যসচিব ড্যাবের খুমেক শাখার সভাপতি অধ্যাপক ডা: সেখ মো: আখতার উজ জামান, অ্যাব সভাপতি প্রকৌশলী ড. খন্দকার আফতাব হোসেন, কৃষিবিদ এস এম ফেরদৌস, সাংবাদিক মো: আনিসুজ্জামান, অ্যাডভোকেট মাহফিজুর রহমান মফিজ, ড. আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশ, অধ্যাপক ড. প্রকৌশলী শাহজাহান আলী অধ্যাপক ড. প্রকৌশলী ফারুক হোসেন, সাংবাদিক এহতেশামুল হক শাওন, প্রফেসর এস এম তৌহিদুজ্জামান প্রমুখ।