হজক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসনের ঘোষণা প্রবাসী কল্যাণমন্ত্রীর

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বিদেশগামী প্রবাসী কর্মীদের জরুরি প্রয়োজনে অবস্থান ও রাতযাপনের সুবিধার্থে আশকোনার হজক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

গতকাল রোববার সকালে বিমানবন্দর সংলগ্ন হজক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে এবং ধর্মমন্ত্রীর প্রস্তাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এটি বাস্তবায়িত হচ্ছে।

গতকাল রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, বিদেশ গমনেচ্ছু কর্মীদের সুবিধার্থে বর্তমানে প্রবাসী মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ‘ওয়েজ আর্নাস সেন্টারে ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে। তবে যে কোনো সঙ্কটকালীন মুহূর্তে কিংবা আকস্মিক ফ্লাইট বাতিল হলে প্রবাসীদের ভোগান্তি কমাতে বিমানবন্দরের নিকটবর্তী হজক্যাম্পে আরো ১০০টি শয্যার ব্যবস্থা করা হবে। এরমধ্যে পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি বেড থাকবে। অর্থায়ন করবে মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে বদ্ধপরিকর। যুদ্ধবিগ্রহ বা বৈরী আবহাওয়াসহ নানা কারণে অনেক সময় ফ্লাইট বিলম্ব বা বাতিল হয়। এমন মুহূর্তে বিমানবন্দরে প্রবাসীরা যে আবাসন সঙ্কটে পড়েন, হজক্যাম্পে এই শয্যাব্যবস্থা প্রবাসীদের সেই দুর্ভোগ অনেকাংশে লাঘব করবে। পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।