ভাটারায় ১০০ ফিটে প্রাইভেট কারের ধাক্কায় যুবকের মৃত্যু

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারা এলাকার ১০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন রাব্বী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের বোন শম্পা আক্তার জানান, তার ভাই পেশায় কাপড়ের দোকানের একজন কর্মচারী ছিলেন। সকাল ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে দোকানে যাওয়ার সময় ভাটারার বসুন্ধরা ইউনাইডেট হাসপাতালের সামনে ১০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে আমরা ভাইকে সেখান থেকে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তাদের বাসা মহাখালীর মধ্যপাড়ায়। তার পিতার নাম শাহজাহান গাজী। তারা তিন বোন এক ভাই। পুলিশ জানায়, প্রাইভেটকারটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।