বিনিয়োগ নিয়ে সৌদি আরবে যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বিনিয়োগ নিয়ে খুব শিগগিরই সৌদি আরবে দু’দেশের একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান এতে যোগ দেবেন। এ ছাড়া ঢাকায় দু’দেশের রাজনৈতিক সংলাপ এবং যৌথ কার্যকরী গ্রুপের বৈঠকও শিগগির অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আবদুল করিম আল-খুরাইজির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শামা ওবায়েদ বলেন, বৈঠকে মৎস্য, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি ও তথ্য প্রযুক্তিতে সৌদি আরবের দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের বহু নাগরিক সৌদি আরবে থাকেন। ইরান যুদ্ধের সময় আমাদের তিনজন নাগরিক সৌদিতে নিহত হয়েছিলেন। তাদের লাশ দেশে ফেরত আনতে সহায়তা দেয়ার জন্য সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে। বাংলাদেশ থেকে আরো দক্ষ শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। সেটা নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের পারস্পরিক আমন্ত্রণ জানানো হয়েছে জানান প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী কবে সৌদি যাবেন, এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, অবশ্যই তার আগ্রহ রয়েছে। দুই দেশের আলোচনার ভিত্তিতে একটা উপযুক্ত সময়ে এই সফর হবে।

সৌদি আরবে থাকা অনিবন্ধিত রোহিঙ্গাদের বাংলাদেশী পাসপোর্ট ইস্যু প্রসঙ্গে অপর এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, রিয়াদ ও জেদ্দার বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে কাজ করছে। বিষয়টি নিষ্পত্তিকৃত ইস্যু।