ক্রীড়া ডেস্ক
নতুন করে আলোচনায় এসেছেন নেইমার। ব্রাজিলিয়ান কাপে সান্তোসের কাছে বিদায়ের পর মাঠের বাইরের ঘটনাকে ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ম্যাচ শেষে তার আচরণের তীব্র সমালোচনা করেছেন প্রতিপক্ষ ক্লাব রেমোর সভাপতি আন্তোনিও কার্লোস টেক্সেইরা। তিনি নেইমারকে ‘নীচ প্রকৃতির মানুষ’ বলেও মন্তব্য করেছেন।
বেলেমে অনুষ্ঠিত ব্রাজিলিয়ান কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বিরতির পর নেইমারের বাড়ানো বলে একমাত্র গোলটি করেন রনি। সেই গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে দুই লেগ মিলিয়ে একই ব্যবধানে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে সান্তোস।
তবে ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার পথে দুই দলের সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ব্রাজিলীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেইমার রেমোর কর্মকর্তাদের উদ্দেশে বারবার ‘বিদায়, বিদায়’ বলে চিৎকার করেন, যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রেমোর সভাপতি আন্তোনিও কার্লোস টেক্সেইরা বলেন, ‘এটি অবশ্যই রেমোর জন্য বড় প্রচারণা ছিল।’ এরপর তিনি আরো কঠোর ভাষায় নেইমারের সমালোচনা করেন। টেক্সেইরা বলেন, ‘ওই নীচ প্রকৃতির নেইমারকে অসংখ্য শিশু আদর্শ হিসেবে দেখে। তার আচরণ আমরা দেখেছি, যা আমাদের উপহাসের পাত্রে পরিণত করেছে। এমন একজনকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার দায় আমাদের সবার।’
অন্য দিকে রেমো সমর্থকদের কাছ থেকে ম্যাচজুড়ে কটূক্তির শিকার হলেও বিষয়টি হালকাভাবে নিয়েছেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি লিখেছেন, ‘ভালোবাসার জন্য ধন্যবাদ, বেলেম।’
ঘটনাটি নিয়ে ব্রাজিলের ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ম্যাচ-পরবর্তী উত্তেজনা এবং উভয় পক্ষের পাল্টাপাল্টি মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।



