জয়ের লক্ষ্যে নামবে দক্ষিণ কোরিয়া

Printed Edition

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। মেক্সিকোর গুয়াদালাহারার এস্তাদিও আক্রনে অনুষ্ঠিত হবে দুই দলের এই গুরুত্বপূর্ণ লড়াই। গ্রুপে স্বাগতিক মেক্সিকোকে ফেবারিট ধরা হলেও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার দৌড়ে এই ম্যাচের ফল বড় ভূমিকা রাখতে পারে।

বিশ্বকাপে নিয়মিত অংশগ্রহণকারী দক্ষিণ কোরিয়া টানা ১১তম আসরে খেলছে। ১৯৮৬ সাল থেকে নিয়মিত বিশ্বকাপে খেলছে দলটি। তবে কোচ হং-মিয়ং-বো’র দলের আক্রমণভাগ সবচেয়ে বড় উদ্বেগ। দলের মূল ভরসা অধিনায়ক সং হিউন-মিন। ৩৪ বছর বয়সী এই তারকার সাথে আক্রমণে থাকবেন পিএসজির জাদুকরী মিডফিল্ডার লী কাং ইন। এ ছাড়া রক্ষণভাগে নেতৃত্ব দেবেন ইউরোপের অন্যতম সেরা ডিফেন্ডার কিম মিন জে।

প্লে-অফে টানা দু’টি টাইব্রেকার জিতে ২০০৬ সালের পর বিশ্বকাপে ফিরেছে চেক প্রজাতন্ত্র। আত্মবিশ্বাসে ভরপুর দলটির নতুন কোচ মিরোস্লাভ কৌবেকের অধীনে খুব বেশি সময় না পেলেও সংগঠিত ফুটবল ইতোমধ্যেই নজর কেড়েছে দলটি।

চেজিয়াদের সবচেয়ে বড় শক্তি সেট-পিস। বাছাইপর্বে তাদের অর্ধেকের বেশি গোল এসেছে কর্নার ও ফ্রি-কিক থেকে। অধিনায়ক লাদিস্লাভ, মিডফিল্ডার টমাস এবং স্ট্রাইকার প্যাট্রিক শিক- এই তিনজন প্রতিপক্ষের বক্সে সব সময়ই হুমকি হয়ে ওঠেন। বিশেষ করে শিক জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ২৫ গোল করে নিজেকে দলের সবচেয়ে নির্ভরযোগ্য গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

কৌশলগত দিক থেকে ম্যাচটি হতে পারে বেশ জমজমাট। দক্ষিণ কোরিয়া সাধারণত ৩-৪-২-১ ফরমেশনে খেললেও উইংব্যাকদের ওপরে উঠে যাওয়ার প্রবণতায় মাঝে মাঝে রক্ষণে ফাঁকা তৈরি হয়। অন্যদিকে চেক প্রজাতন্ত্র ধৈর্য ধরে অপেক্ষা করে এবং সুযোগ পেলেই সেট-পিস কিংবা দ্রুত পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে বিপদে ফেলতে পটু। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে অতীতে মাত্র একবার দেখায় ২-১ গোলে জয় পেয়েছিল দক্ষিণ কোরিয়া। মাঠের লড়াইয়ে এবার দ্বিতীয়বারের মতো নামছে দুই দল।