লিবিয়ায় দালালের ফাঁদে মাদারীপুরের যুবকের মৃত্যু

Printed Edition

মাদারীপুর প্রতিনিধি

বৈধ পথে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুরের মাসুম আকনকে (২৭) লিবিয়ায় নিয়ে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। পরিবারের দাবি, ইতালি পাঠানোর কথা বলে চক্রটি মাসুমকে লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ হিসেবে প্রায় ৩১ লাখ টাকা নিয়েছে। এখন সন্তানের লাশ দেশে ফেরার অপেক্ষায় দিন কাটাচ্ছেন তার মা কুট্টি বিবি।

অভিযুক্তদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল শনিবার সকালে সদর উপজেলার খোয়াজপুরের মঠেরবার এলাকায় মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, মাসুমকে ইতালি পাঠানোর কথা বলে স্থানীয় দেলোয়ার সরদার, তার স্ত্রী সোহাগী বেগম ও সুমন সরদার ২৫ লাখ টাকায় চুক্তি করেন। পরিবারের কাছ থেকে ২১ লাখ টাকা নিয়ে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর তাকে বিদেশে পাঠানো হয়। পরে সৌদি আরব ও মিসর হয়ে তাকে লিবিয়ার একটি বন্দিশালায় আটকে রাখা হয় বলে পরিবারের অভিযোগ। মুক্তিপণ হিসেবে আরো ৯ লাখ ৯০ হাজার টাকা নেয়া হয়। পরে আরো টাকা না দেয়ায় নির্যাতন করে তাকে হত্যা করা হয় বলে দাবি পরিবারের। মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মানবপাচার মামলায় দেলোয়ারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।