জুলাই শহীদদের জন্য বায়তুল মোকাররমে বিশেষ দোয়া মাহফিল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে পবিত্র কুরআন খতম, বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা, তাদের পরিবারের শান্তি ও কল্যাণ এবং দেশের শান্তি, স্থিতিশীলতা, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো: মহিউদ্দিন। সভাপতিত্ব করেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জাকাত বিভাগের পরিচালক ড. হাফেজ মাওলানা ওয়ালীয়ুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কল্যাণের জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান। তিনি বলেন, দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে আলেম-ওলামা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষের মধ্যে নৈতিকতা, মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতি জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।