গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ২৭টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ সময় ২৩ জনকে গ্রেফতার এবং ১০ জনকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে টাস্কফোর্স।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার পরগনা, পরগনা বাজার, লাঠিগ্রাম, বেড়াবিল, উত্তর প্রতাপপুর, দক্ষিণ প্রতাপপুর ও লুনী এলাকায় দীর্ঘ দিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে, এমন তথ্যের ভিত্তিতে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকারিয়া হোসেনের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১০ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোট পাঁচ লাখ টাকা অর্থদণ্ড এবং বাকি ১৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এ ছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি অবৈধ ড্রেজার বোমা মেশিন দিয়ে এবং স্থানীয়ভাবে তৈরি ড্রেজার ঘটনাস্থলেই পুড়িয়ে ও ভেঙে ধ্বংস করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানার এসআই গোলাম ফাত্তাহর নেতৃত্বে পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকারিয়া হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ, নদী ও সরকারি সম্পদের ক্ষতি করা হলে কাউকে ছাড় দেয়া হবে না। সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



