মুলাদী (বরিশাল) সংবাদদাতা
নাব্যতা সঙ্কটের কারণে বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের পৈক্ষা নোমরহাট লঞ্চঘাটের টার্মিনালটি এখন কার্যত ডাঙ্গায় পরিণত হয়েছে। নদীর পানি শুকিয়ে যাওয়ায় টার্মিনালে লঞ্চ ভিড়তে না পারায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও নিরাপদ টার্মিনাল নির্মাণে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসীর সাথে ঢাকাগামী যাত্রীদের জন্য এই লঞ্চঘাটই একমাত্র নৌপথ। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বৃদ্ধ যাত্রীদের লঞ্চে ওঠানামা করতে চরম ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। টার্মিনালে ওঠানামার জন্য থাকা সিঁড়িটি নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ। নেই কোনো ধরনি বা নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয়রা জানান, কৃষিনির্ভর এই এলাকার মানুষজন লঞ্চে করে মালামাল পরিবহন করেন। কিন্তু পানিশূন্যতার কারণে তা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। যাত্রীদের জন্য নেই কোনো সেবামূলক ব্যবস্থা। যাত্রী আসাদুল্লাহ বলেন, বৃদ্ধ মাকে নিয়ে টার্মিনাল থেকে নামতে গিয়ে আতঙ্কে ছিলাম। সিঁড়ি যে কোনো সময় ভেঙে পড়তে পারে।



