মামদানির স্বপ্নের নিউইয়র্ক হবে নারীর প্রজ্ঞায়

Printed Edition
মামদানির স্বপ্নের নিউইয়র্ক হবে নারীর প্রজ্ঞায়
মামদানির স্বপ্নের নিউইয়র্ক হবে নারীর প্রজ্ঞায়

বিনোদন প্রতিবেদক

নিউইয়র্কের নতুন ইতিহাস রচনাকারী মেয়র-নির্বাচিত জোহরান মামদানি এবার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন। নিজের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে নেতৃত্ব দিতে তিনি মনোনীত করেছেন এক সম্পূর্ণ নারী নেতৃত্বাধীন ট্রানজিশন টিম। শহরের আগামী দিনের রূপরেখা তৈরি করবে এই নারীরা যারা অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টিতে এক নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনা করতে চলেছেন।

কুইন্সে এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, ‘গত রাত ৯টায় প্রচারের কবিতা শেষ হয়েছে, কিন্তু এখনই শুরু হয়েছে শাসনের সুন্দর গদ্য।’ পরলোকগত গভর্নর মারিও এম. কুয়োমোর এই বিখ্যাত উক্তি উদ্ধৃত করে তিনি জানান, তার লক্ষ্য এমন এক সিটি হল গড়া, যা মানুষের কাছে পৌঁছাবে প্রতিশ্রুতির নয়, কাজের মাধ্যমে। টাইম ম্যাগাজিন জানিয়েছে, মামদানির এই ট্রানজিশন টিমে রয়েছেন শহর ও ফেডারেল প্রশাসনের অভিজ্ঞ কর্মকর্তা, অলাভজনক সংস্থার নির্বাহী ও নীতিনির্ধারকরা। রাজনৈতিক কৌশলবিদ এলানা লিওপোল্ড, যিনি বিল দে ব্লাসিওর দীর্ঘদিনের সহযোগী ও মামদানির প্রচারণার সিনিয়র উপদেষ্টা ছিলেন, থাকছেন ট্রানজিশন টিমের নির্বাহী পরিচালক হিসেবে। তার সাথে সহ-সভাপতির দায়িত্বে আছেন সাবেক ফার্স্ট ডেপুটি মেয়র মারিয়া টরেস-¯িপ্রংগার, প্রাক্তন ফেডারেল ট্রেড কমিশন চেয়ার লিনা খান, ইউনাইটেড ওয়ে অব নিউইয়র্ক সিটির প্রেসিডেন্ট গ্রেস বোনিলা, এবং শহরের বাজেট বিশেষজ্ঞ মেলানি হার্টজগ।

এই ট্রানজিশন টিমের কাজ হবে মামদানির জানুয়ারিতে অভিষেক পর্যন্ত একটি নির্বিঘœ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা। অভিষেকের পর তার অধীনে থাকবে প্রায় তিন লাখ কর্মী এবং ১০০ বিলিয়ন ডলারেরও বেশি বাজেট যার দায়িত্ব সামলাবেন তিনি এক নবপ্রজন্মের উদ্যম নিয়ে।

মামদানি নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। তার প্রচারণা তরুণদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছিল। তারা দেখেছিলেন একজন মানুষকে, যিনি রাজনীতিকে ফেরত আনতে চান সাধারণ মানুষের জীবনের কাছাকাছি।

যেমন এক তরুণ সমর্থক বলেছিলেন, ‘তিনি কেবল নেতা নন, তিনি ভবিষ্যতের এক আশাবাদ।’ আজ সেই আশার রূপরেখা আঁকতে যাচ্ছেন নারীরা যাদের প্রজ্ঞা, দৃঢ়তা ও মানবিক দৃষ্টিভঙ্গিতেই গড়ে উঠবে মামদানির স্বপ্নের নিউইয়র্ক।