রাজশাহী ব্যুরো
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরো একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশনের (আইইএলসি) বিশ্বের ৭১টি দেশের প্রতিযোগীদের সাথে লড়াই করে বাংলাদেশ দল অর্জন করেছে গৌরবময় গোল্ড মেডেল।
এই ঐতিহাসিক সাফল্যের অংশীদার হয়ে রাজশাহীর শিক্ষা অঙ্গনকে গর্বিত করেছে নগরীর মসজিদ মিশন একাডেমির (স্কুল অ্যান্ড কলেজ) দশম শ্রেণীর শিক্ষার্থী সাঈদ ইবনে ত্বাকি। বাংলাদেশ দলের ১১ সদস্যের মধ্যে রাজশাহী বিভাগের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে তিনি অর্জন করেছেন গোল্ড মেডেল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ থেকে ২৫ জুন লন্ডনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন। এতে বাংলাদেশের প্রতিনিধিদলে স্থান পাওয়া ১১ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন গোল্ড মেডেল এবং দুইজন সিলভার মেডেল অর্জন করেন, যা দেশের জন্য এক অনন্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
সাঈদ ইবনে ত্বাকি রাজশাহী মহানগরীর হেতেমখা শাহাজীপাড়া এলাকার বাসিন্দা আবু সাঈদ ও ফরিদা ইয়াসমিন দম্পতির সন্তান। সে বর্তমানে মসজিদ মিশন একাডেমির (স্কুল অ্যান্ড কলেজ) দশম শ্রেণীতে অধ্যয়নরত।
জানা গেছে, জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ত্বাকি রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। তার এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত বাংলাদেশের ১১ সদস্যের দলে স্থান লাভের পাশাপাশি তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়ার গৌরবও অর্জন করেন।
মসজিদ মিশন একাডেমির (স্কুল অ্যান্ড কলেজ) অধ্যক্ষ অধ্যাপক শাহাদাৎ হোসাইন বলেন, “সাঈদ ইবনে ত্বাকির এই আন্তর্জাতিক সাফল্য আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। বিশ্বের ৭১টি দেশের প্রতিযোগীদের মধ্যে গোল্ড মেডেল অর্জন করে সে শুধু আমাদের প্রতিষ্ঠান নয়, রাজশাহী বিভাগ ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। আমরা তার উত্তরোত্তর সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”



