ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৭ জুন। এর আগে আরো তিন প্রার্থী সরে দাঁড়ানোয় প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়েছে নির্বাচন। তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকের সংখ্যা দাঁড়াল আটজন। পরিচালনা পর্ষদের নির্বাচনে এখন প্রতিদ্বন্দ্বিতা হবে শুধু ক্যাটাগরি-১-এর খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকার ক্লাবগুলোকে নিয়ে গঠিত ক্যাটাগরি-২-এ।
প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে গত পরশু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। একই সাথে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে সরে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে দাঁড়ানো ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম, লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান বাদল এবং ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মো. মাহমুদ-উর-রহমান।
চট্টগ্রাম বিভাগ থেকে দু’জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। শরীফুল ইসলাম সরে দাঁড়ানোয় অপর দুই প্রার্থী জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন ও লক্ষ্মীপুর জেলার মঈন উদ্দিন চৌধুরীর এই বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়া নিশ্চিত।
গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির পরিচালনা পর্ষদ ২৫ জনের। এর মধ্যে ২৩ জন আসেন নির্বাচিত হয়ে এবং বাকি দু’জন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত হয়ে। ২৫ পরিচালকের ভোটে এরপর হয় সভাপতি নির্বাচন।



